১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা: ২ যুবদল নেতা বহিষ্কার

এ হত্যাকাণ্ডের ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলার মধ্যে এমন সিদ্ধান্ত জানাল যুবদল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 11:34 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে আজীবন বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।

বহিষ্কার হওয়া দুই নেতা হলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি।

শুক্রবার রাতে দলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে প্রকাশ্যে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি যুবদলের এই দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলার মধ্যে এমন সিদ্ধান্ত জানাল যুবদল।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না তুলে ধরে বিজ্ঞপ্তিতে সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়ার কথা বলা হয়।

মিটফোর্ডে ব্যবসায়ী খুনের দুই মামলায় ২ জন রিমান্ডে

মিটফোর্ডে হাসপাতালের সামনে ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা

প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: ৬ জন গ্রেপ্তার, বহিষ্কার যুবদলের দুই নেতা