Published : 06 Sep 2026, 06:36 PM
রাজপথে বিরোধী দলের কর্মসূচি ‘গণতন্ত্র বিনষ্টের ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, সরকারের ইতিবাচক অর্জনগুলো আড়ালে বিরোধী দল ষড়যন্ত্র করছে।
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দুপুরে এক ব্রিফিংয়ে বিরোধী দলের লং মার্চ সম্পর্কে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
রিজভী বলেন, “জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দল শুধু সমালোচনাই করে যাচ্ছে; অথচ সংকট নিরসনে তাদের গঠনমূলক কোনো প্রস্তাবনা নেই। তারা সংসদে এ বিষয়ে কোনো পরামর্শ না দিয়ে, বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দায়িত্বশীল বিরোধী দলের মতো জাতীয় সংসদে নিজেদের দাবি বা প্রস্তাব না তুলে তারা রাজপথ বেছে নিয়েছে; যা মূলত সরকারের সার্বিক উন্নয়ন ঢাকা দেওয়ার অপচেষ্টা।
“শুধু তাই নয়, দেশের রিজার্ভ বৃদ্ধি পাওয়াসহ বিভিন্ন ইতিবাচক অর্জনগুলোকে আড়াল করার জন্য বিরোধী দল ষড়যন্ত্র করছে। বিরোধী দলের লং মার্চ কর্মসূচিতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করছে, যা স্পষ্টত অপরাধমূলক কর্মকাণ্ড।”
জনগণের সামনে যেসব শব্দ উচ্চারণ করা যায় না, বিরোধী দলের কর্মসূচিতে তা প্রকাশ্যে বলা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, “এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে বিরোধী দল তাকে দমন-পীড়ন বলে দাবি করে, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।”
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে তথ্য দিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব এ উপলক্ষে দলের নেতাকর্মী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, “আমি নেতাকর্মীদের বলতে চাই, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেটির প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবহৃত সব বিলবোর্ড ও ব্যানার অবিলম্বে খুলে ফেলতে হবে।”
ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আসাদুল করিম শাহীন, মাহমুদুর রহমান সুমন, তারিকুল ইসলাম তেনজিং, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল কবির উপস্থিত ছিলেন।