১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে জোট সঙ্গী সাইফুল হকের সাক্ষাৎ

নির্বাচনের নানা বিষয় এবং ৩১ দফার রাষ্ট্র কাঠামো রূপান্তরের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 06:45 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা।

রোববার বিকালে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষরের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৪০ দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩০ ডিসেম্বর ভোরে মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

যে ভবনে বসে সাত বছর ধরে দলের কার্যক্রম সামলেছেন খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসনের গুলশানের সেই কার্যালয়ে তার জন্য খোলা হয়েছে শোক বই।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ৩০ ডিসেম্বর বিকালে এ শোক বই খোলা হয়েছে। এ বইয়ে কূটনীতিকদের পাশাপাশি সর্বস্তরের মানুষ সই করতে পারবেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, “আমরা বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে গুলশানের কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করতে গিয়েছিলাম। পরে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে দেখা করে আমাদের দলের সান্ত্বনা ও সহমর্মিতা প্রকাশ করেছি।”

তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারি এবং এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক অভিযাত্রা যাতে নিশ্চিত করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। নির্বাচনের নানা বিষয় এবং ৩১ দফার রাষ্ট্র কাঠামো রূপান্তরের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

তিনি বলেন, “‘মব’ সন্ত্রাস ও জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কিত তারেক রহমান। মানুষের মধ্যে শান্তি, সোহার্দ্য সৃষ্টির বার্তা দিয়েছেন তিনি। দেশকে ঐক্য ও সংহতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন তারেক রহমান। ”

সাক্ষাতের সময়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বহ্নিশিখা জামালী, আকবর খানসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। 

বিপ্লবী  ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক জোট সঙ্গী হিসেবে ঢাকা-১২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।