Published : 12 Dec 2025, 12:04 AM
ঢাকার গণভবন এলাকায় মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে গণভবনের সামনে আওরঙ্গজেব রোডে এ মশাল মিছিল হওয়ার কথা বলেছে পুলিশ।
এদিন সন্ধ্যায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে।
তফসিল ঘোষণার কয়েক ঘণ্টা পর আওয়ামী লীগের মশাল মিছিলের খবর আসে।
আবু সায়েম নামে একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১০টার পর পর একদল লোক মশাল জালিয়ে মিছিল বের করে।
“তারা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ সরকারেরর তফসিল, মানি না মানবো না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে‘সহ নানা স্লোগান দিতে থাকে।”
মিছিলের সামনে ও পেছনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে কিছু মানুষ মিছিল করছিল বলেও জানান তিনি।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একটি মশাল মিছিল হয়েছে। তারা খুব অল্প সময় ছিল।
“যারা মিছিল করেছে, তাদের সনাক্ত করার চেষ্টা চলছে।"