২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

প্রচারযন্ত্র নিয়ন্ত্রণের ভয়ঙ্কর পরিণতি আমরা ভারতে দেখছি: রিজভী

ভারতের অধিকাংশ সংবাদমাধ্যমকে ‘গদি মিডিয়া’ বলেও মন্তব্য করেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 09:18 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

ভারতের অধিকাংশ সংবাদমাধ্যম ‘গদি মিডিয়া’ বলে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রচারযন্ত্র নিয়ন্ত্রণের ভয়ঙ্কর পরিণতি আমরা ভারতে দেখছি। 

রোববার এক আলোচনায় তিনি বলেন, “পার্শ্ববর্তী ভারতে দেখুন, একটা গদি মিডিয়া বলে একটা কথা এসেছে। যে দেশে একসময় বুদ্ধিজীবী বলতেই সেকুলার বুদ্ধিজীবী, স্বাধীনচেতা তারা। আজকে সেখানে সেটা নাই। অধিকাংশ মিডিয়া বলা হচ্ছে, গদি মিডিয়া। তারা শাসকের পক্ষে। তারা শাসকের অনুগত।

“এমন কায়দা করে সেটা করা হয়েছে যে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না।”

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে সন্ধ্যায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক ভাষা সৈনিক সাংবাদিক আবদুস সালামের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভা হয়। সভায় সাংবাদিক সালামের স্মরণে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।  

দেশে দেশে গণমাধ্যম নিয়ন্ত্রণ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, “উন্নত গণতান্ত্রিক দেশে হয়ত সেটার সংখ্যা কম কিন্তু সেখানেও সেটা বাড়ছে। পলিসি মেকাররা তাদের ব্যবহার করছেন ঠিক লাঠির মত করে। জনগণকে একবার চিরস্থায়ীভাবে দমন করার জন্য। ওখানে লাঠিটা দেখা যায় না, তারা বিভিন্ন এই প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন; যার ভয়ঙ্কর পরিণতি আমরা এখন ইন্ডিয়াতে দেখছি।’’

পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক আবদুস সালাম প্রসঙ্গে তিনি বলেন, ‘আবার যদি আমাদের সত্যিকার অর্থেই স্বাধীন নাগরিক, স্বাধীনচেতা মানুষ এবং সত্য মিথ্যার বিভাজনকারী একটি সীমারেখা যদি টানতে হয়, তাহলে আবদুস সালামদের আজকের এই বিপন্ন পৃথিবীতে খুবই প্রয়োজন।’’

অনুষ্ঠানে সাংবাদিক লোটন একরাম প্রেস ক্লাবের সামনের সড়কটি আবদুস সালামের নামে নামকরণের প্রস্তাব করেন।

পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক আবদুস সালাম সড়কের নামকরণের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।

সময় টিভির সিইওর ‘ক্ষমা প্রার্থনা’

আওয়ামী লীগ সরকারের আমলে কিংবা জুলাই আন্দোলনে বেসরকারি টেলিভিশন স্টেশন— ‘সময়’ অপসাংবাদিকতা করেছে সভায় মন্তব্য করেন সংবাদমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জুবায়ের আহমেদ বাবু।

ওই সময়ের সাংবাদিকতার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

বাংলাদেশ টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্য সৈয়দ জুবায়ের বলেন, “সুযোগটা হাতছাড়া করতে চাই না আজকে। বাংলাদেশে গত ১৭ বছর কিন্তু আমরা দেখেছি যে অনেক গণমাধ্যম ‘গণঅধমে’ পরিণত হয়েছিল। অনেক গণমাধ্যমের কর্মীদের কারণে গণমাধ্যম লজ্জায় পড়ে গিয়েছিল।

“সেই জায়গা থেকে বেরিয়ে আসার কিন্তু একটি সুযোগ আমাদের আছে। আমি যে সংবাদ মাধ্যমটিতে কাজ করছি সময় টিভি, এই সময় টিভিরও কিন্তু যে কার্যক্রম ছিল ১০ বছর, বিশেষ করে জুলাই মাসের আন্দোলনকে, আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ বলা থেকে আরম্ভ করে এমন কোনো অপতথ্য নেই, যা গণমাধ্যমটি করেনি।”

তিনি বলেন, “আমি আজ সময় টিভির একজন সিইও হিসাবে, আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি; সবার কাছে ক্ষমা চাচ্ছি।”