Published : 17 May 2026, 01:12 PM
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও এক্মি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহাকে শেষ বিদায় জানানো হলো শ্রদ্ধা-ভালোবাসায়।
রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রয়াতের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সংসদ সচিবালয়ের তরফে সচিব গোলাম সরওয়ার ভুঁইয়া ফুল দিয়ে সিনহাকে শেষ বিদায় জানান।
এর আগে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রী ও প্রধান হুইপ।
প্রয়াতের ছেলে তানভীর সিনহা তার বাবাকে রাষ্ট্রীয়ভাবে সন্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্পিকার হাফিজ উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
বক্তৃতার পর মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন সংসদ মসজিদের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।

জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ সংসদ সদস্য, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি ঊধ্বর্তন কর্মকর্তা এবং মুন্সীগঞ্জের বিএনপির নেতাকর্মীরা।
গত শুক্রবার গভীর রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।
ওষুধ প্রস্তুতকারক এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন।