Published : 14 Dec 2025, 11:12 PM
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের শক্তিশালী রায় পেতে পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতো চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, জনগণের দুর্বল রায় নিয়ে সরকার গঠন হলে অনেকগুলো কাজ করা সম্ভব নাও হতে পারে।
রোববার রাতে পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ রেখে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন ঘিরে বিএনপি দলীয় কর্মসূচি নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনা করছে।
পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়কালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমরা যেসব পরিকল্পনা করেছি এগুলো বাস্তবায়ন করার জন্য অবশ্যই জনসমর্থন প্রয়োজন এবং এই কাজগুলো করার জন্য আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের ওপরে দাঁড়াতে হবে।
“যদি ম্যান্ডেট দুর্বল হয় তাহলে হয়ত অনেকগুলো কাজ করা সম্ভব হবে না। সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় অবশ্যই জনসমর্থনের প্রয়োজন, যেটিতে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করতে পারেন।”

আগামীতে সরকারে গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিএনপির প্রধান অগ্রাধিকার হবে বলে তুলে ধরেন তারেক রহমান।
তিনি বলেন, “আজকে সবার আলোচনায় একটি বিষয় উঠে এসেছে যে, যারা আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন, তাদের প্রথম একটা বিষয় নিশ্চিত করতে হবে আইনের শাসন, মানুষের নিরাপত্তা, আইনশৃঙ্খলা-এক বাক্যে যা বলা হয়। এই জিনিসটাকে আমাদের প্রথম অগ্রাধিকার দিতে হবে যেকোনো মূল্যে। আর দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে।
“তা হলে অনেক কিছুর সম্ভাবনা আছে, যে সমস্যাটা কমে আসবে। বাকি কাজগুলো তাতে শুরু করা যাবে।”
পেশাজীবীদের উদ্দেশে তারেক বলেন, “আমাদের প্রত্যাশা হোক, আগামী দিনে আমাদের শপথ হোক যে, আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজটি শুরু করতে পারি আগামী সরকারের মাধ্যমে। এটা ঠিক, এই কাজের কোনো শেষ নেই, এটার উন্নতি হবে। শুরুটা যাতে আমরা ভালো করতে পারি।”
আগামীর বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি কি কি করতে চায়, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা, বেকার সমস্যা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড প্রভৃতি বিষয়ে দলের পরিকল্পনা তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
গুলশানের হোটেল লেকশোরে বিএনপির উদ্যোগে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক এই মতবিনিময় সভা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক,আইনজীবী, প্রকৌশলী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সাংস্কৃৃৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী-পেশার নাগরিকগণ অংশ নেন।
অনুষ্ঠানের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন অধ্যাপক বোরহান উদ্দিন খান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক মাহবুব উল্লাহ, ডা. জাহেদ উর রহমান ও মাহদী আমিন, ফেরদৌস আরা বেগম, অধ্যাপক আখতার হোসেন খান, সাংবাদিক আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, হাসান আহমেদ চৌধুরী কিরন প্রমূখ বক্তব্য রাখেন।