‘ফ্যাসিবাদ মুক্ত’ শাহবাগের আন্দোলন চালিয়ে যেতে হবে: হাদির ভাই
“আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না। শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন।”
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার বিচার চাইলে শাহবাগকে ‘ফ্যাসিবাদ মুক্ত’ ও ‘ভারতীয় আধিপত্যবাদ মুক্ত’ করার আন্দোলন জারি রাখার আহ্বান জানিয়েছেন তার বড় ভাই ওমর হাদি।
তিনি বলেন, “ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলতেন, ‘এই শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমির স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। আমি এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদকে রুখে দেব। এই শাহবাগে বসে আমি নারায়ে তাকবীর স্লোগান দেব।’
“যদি আপনারা হাদিকে ভালোবাসেন, হাদির হত্যার বিচার চান, ওই শাহবাগকে ফ্যাসিবাদ মুক্ত, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে।”
রোববার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ওসমান হাদির মৃত্যু উপলক্ষে দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এতে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দোয়ার আগে বক্তব্যে ওমর হাদি বলেন, “আমাদের শহীদ পরিবার, ইনকিলাব মঞ্চ, ওসমান হাদির লক্ষ লক্ষ ভালোবাসার জনগণ, বিপ্লবী ছাত্র-জনতা–সবার কাছে আমার একটাই দাবি, ওসমান যে বিপ্লবী আন্দোলন করেছিলেন, সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ।
“আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না। শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থাকেন আমার সাথে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না।”
হাদি দেশের মানুষের বাইরে আর কোনো বাড়তি নিরাপত্তা চাইতেন না তুলে ধরে তিনি বলেন, “আমাদের পরিবার, ইনকিলাব মঞ্চের ভাই-ব্রাদাররা আমরা ঘটনার আকস্মিকতায় দুমড়ে-মুচড়ে গেছি।
“আমরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই, জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব কি না।”
