১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুগ পর স্বজনের বাসায় খালেদা জিয়া

গত ৬ মে তার দেশে ফেরার যাত্রা কার্যত রাজনৈতিক কর্মসূচিতে রূপ নেয়।

এক যুগ পর স্বজনের বাসায় খালেদা জিয়া
ছোট ভাই শামীম এস্কান্দার ও সেজ বোন সেলিনা ইসলামের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপি মিডিয়া সেল

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 12:16 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

রাজধানীর গুলশানে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসা ঘুরে এলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গী ছিলেন দুই পূত্রবধূ- বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকার স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার রাত সাড়ে ৯টায় নীল রঙের একটি গাড়ি যোগে তারা ওই বাসায় পৌঁছান। খালেদা জিয়া নিজের বাসা ‘ফিরোজা’য় ফেরেন রাত ১টা ৪৫ মিনিটে।

পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে তারা ওই বাসায় গিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

গুলশানের ৪২ নম্বর সড়কে শামীম এস্কান্দারের ২৪/বি বাসায় পৌঁছালে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান ছোট ভাই শামীম এস্কান্দার, তার সহধর্মিনী কানিজ ফাতেমা, আরেক ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের সহধর্মিনী নাসরিন আহমেদ, সেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা।

এই সময়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ উপস্থিত ছিলেন।

শিমুল বিশ্বাস বলেন, ‘‘ ম্যাডাম এমনিতেই সচরাচর বের হন না। পরিবারের এক অনুষ্ঠানে তিনি সেখানে গেছেন, পরিবারের সদস্যরা ভীষণ খুশি হয়েছে। 

“বিশেষ করে ম্যাডামকে কাছে পেয়ে ছোট শিশুদের খুশির শেষ ছিল না।”

লন্ডনে চিকিৎসা নিয়ে চার মাস পর ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফেরার সেই যাত্রা কার্যত রাজনৈতিক কর্মসূচিতে রূপ নেয়। ২০১৮ সালে কারাগারে যাওয়ার পর সেদিনই প্রথম তাকে জনসম্মুখে এমন আয়োজনে দেখা যায়।

এর চারদিন পর খালেদা জিয়া ছোট ভাইয়ের বাসায় আতিথেয়তা গ্রহণ করলেন। এর মধ্য দিয়ে এক যুগেরও বেশি সময় পর সাবেক প্রধানমন্ত্রী কোনো স্বজনের বাসায় বেড়াতে গেলেন।