Published : 06 Nov 2025, 07:16 PM
জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে দেশে ‘ষড়যন্ত্র হচ্ছে’ অভিযোগ করে সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশে কিছু ব্যক্তি পিআরসহ বিভিন্ন বিষয় সামনে এনে ‘সংকট’ সৃষ্টির চেষ্টা করছে।
খন্দকার মোশাররফ বলেন, “পিআরসহ আরও অনেক কিছুর ব্যাপারে নির্বাচনকে কেন্দ্র করে দেশে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের উদ্দেশ্য হচ্ছে…আমরা মনে করি, নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র।”
জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আগামী সংসদ নির্বাচনের সঙ্গে হবে নাকি আগেই হবে— এ নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতসহ কয়েকটি দলের মতবিরোধ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সোমবার উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক করে দলগুলোর কাছ থেকে এক সপ্তাহের মধ্যে ‘ঐক্যবদ্ধ দিকনির্দেশনা’ চেয়েছে।
এ অবস্থায় জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবি আদায়ে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
একই দাবিতে আলাদা বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
দাবি পূরণে তারা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে।
বিএনপি নেতা মোশাররফ বলেন, “এখানে কিছু দল যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল, তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে। তারা যে ষড়যন্ত্র করবে না, এমন তো কথা না। আর এখানেও কিছু ব্যক্তি, কিছু নন-ইস্যুকে ইস্যু করে এখানেও নানারকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। সকলকে সজাগ থাকতে হবে, সর্তক থাকতে হবে।”
বিএনপির নির্বাচনী প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে....আমরা একে স্বাগত জানিয়েছি। আমরা সবরকমের প্রস্তুতি নিচ্ছি। আপনারা দেখেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২৩৭টা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন…একটা আসন পরে স্থগিত করা হয়েছে। ফলে ২৩৬টা আসন আমরা ঘোষণা করে ফেলেছি।”
“দেশে যাতে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয় সেজন্য আমরা সকল রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা কামনা করছি।”
বনানীর হোটেল শেরাটনে ‘ঢাকা ফোরাম ইনিয়েশিয়েটিভ’র উদ্যোগে ‘তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস অ্যান্ড দ্য বিবিসি বাংলা ইন্টারভিউ’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠান হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা ফোরাম ইনিশিয়েটিভের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তাজমেরী এস ইসলাম, এশিয়ান ইউনিভাসিটির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম হায়দার, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মনজুর কাদের, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল লতিফ মাসুম, এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শাহজাহান খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক দিল রওশন জান্নাত, মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট ইশরাক হোসাইন, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক তওফিকুল ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, ঢাকা ফোরাম ইনিশিয়েটিভের আশফাক জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মোস্তফা হোসাইন, বিএআইইউএসটির অধ্যাপক আলমগীর মোহাম্মদ, ডেইলি নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ইনকিলাবের মেহেদি হাসান পলাশ, ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানী, কবি ইমরান মাহফুজ, ছাত্রদল নেতা আবিদুল ইসলাম, তানভীর আল হাদি মায়েদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া মেঘলা, আপ বাংলদেশ দলের রাফি সালমান রিফাত।
দক্ষিণ আফ্রিকার নেতা প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার দৌহিত্রী অ্যান্ডেলিকা ম্যান্ডেলার ভিডিও বার্তা এবং অধ্যাপক আলিয়া হোসাইনের লিখিত বক্তব্য অনুষ্ঠানে প্রচার করা হয়।