১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি, ১৫ মে দেশব্যাপী বিক্ষোভের ডাক জমিয়তের

“এটি বাংলাদেশের জন্য লাভজনক নয়, বরং গোলামির চুক্তি।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 02:10 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তিকে ‘অসম ও দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

পাশাপাশি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার চুক্তিও বাতিলের আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ  দাবি তুলে ধরেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এ সময় তিনি বাণিজ্যচুক্তি ও পশ্চিমবঙ্গে ‘মুসলিম নির্যাতনে’র প্রতিবাদে আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছেন। 

দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকায় বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেইটে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি। 

মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে হলেও যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ৬টি শর্ত। ফলে এটি বাংলাদেশের জন্য লাভজনক নয়, বরং ‘গোলামির চুক্তি’। জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে গোপনে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।’

অভিযোগ করে তিনি বলেন, “চুক্তির আওতায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, কৃষিপণ্য ও সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়েছে, যা দেশের অর্থনীতি ও স্বাধীন নীতিনির্ধারণী সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

“চুক্তির পরিশিষ্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শূকরজাত খাদ্যপণ্য বাংলাদেশে আমদানির সুযোগ রাখা হয়েছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধ ও খাদ্যনীতির সঙ্গে সাংঘর্ষিক।”

সংবাদ সম্মেলনে মহাসচিব আফেন্দী বলেন, “পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।”

এছাড়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করা হয় সম্মেলনে।

জমিয়তের নেতারা বলছেন, জুলাই সনদ ও সংবিধান—দুটিই রাষ্ট্রের জন্য সমান গুরুত্বপূর্ণ। সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম’ ও ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের দাবিও জানিয়েছেন তারা।

সম্মেলনে দলটি সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরে। এগুলোর মধ্যে আছে- অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত সব চুক্তি প্রকাশ ও বিতর্কিত চুক্তি বাতিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট নিরসন, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, জুলাই হত্যা, পিলখানা ও শাপলা ট্রাজেডির বিচার দ্রুত সম্পন্ন করা, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, শিক্ষায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সরকারি চাকরির সুযোগ বৃদ্ধি।

এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও চামড়া শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে।