১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩৯ আসনের সীমানা: পর্যালোচনায় বিএনপির কমিটি

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 01:28 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের কার্য্ক্রমের পরিপ্রেক্ষিতে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করেছে বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. জকোরিয়া, সাবেক উপসচিব সামসুল আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণ করে বুধবার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন; সবশেষ দ্বাদশ সংসদের ২৬১টি আসনের সীমানা বহাল রেখে বাকি ৩৯টি আসনে পরিবর্তন আনার কথা বলা হয়েছে সেখানে।

এবার গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে বাগেরহাট জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।

খসড়া প্রকাশের পরদিন বাগেরহাট-৪ আসন বহাল রাখার দাবি জানিয়ে বিএনপির নেতারা সিইসির সঙ্গে সাক্ষাৎও করেছেন।

৩৯টি আসনে পরিবর্তনের প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, তা জানতে অপেক্ষা করতে হবে মাসখানেক।

প্রস্তাবিত আসন সীমানা নিয়ে দাবি ও আপত্তি জানানোর জন্য ১০ অগাস্ট পর্যন্ত আবেদন করা যাবে। সেসব বিষয়ে শুনানি করে বিষয়গুলোর নিষ্পত্তি করা হবে। তারপর ৩০০ নির্বাচনি এলাকার সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে এএমএম নাসির উদ্দিন কমিশন।

আরও পড়ুন:

৩৯ আসনের সীমানায় পরিবর্তনগাজীপুরে বেড়েছেবাগেরহাটে কমেছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনযেভাবে পাল্টাল ৩৯ আসনের সীমানা