২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পাল্টা কর্মসূচি নয়, শুক্রবার ‘পাহারায়’ থাকবে আওয়ামী লীগ: হাছান মাহমুদ

“বিএনপি নেতাদের কথা তোতা কিংবা ময়না পাখির মতো গৎবাঁধা,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 09:33 PM

Updated : 29 Dec 2022, 11:23 PM

বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংসতা ঠেকাতে শুক্রবার ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগ ‘সতর্ক পাহারায়’ থাকবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেছেন, “আমরা ৩০ ডিসেম্বর পাল্টা কোনো কর্মসূচি দিচ্ছি না, তবে আমাদের দলীয় নেতাকর্মীরা ঢাকা শহরে বিভিন্ন স্পটে পাহারায় থাকবে। আপনারা দেখেছেন- অতীতে তারা রাজনীতির কর্মসূচির নামে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জনগণের সম্পত্তি ধ্বংস করেছে, মানুষের ওপর হামলা পরিচালনা করেছে।”

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “গত ১০ ডিসেম্বর কর্মসূচিকে সামনে রেখে তারা ঢাকা শহরে তাণ্ডব তৈরির চেষ্টা করেছে, যদিওবা পুরোপুরি সফল হয়নি। এর পরও গাড়িতে আগুন দিয়েছে, ঢাকার বাইরে চট্টগ্রামসহ অন্যান্য জায়গাতেও একই ধরনের বিশৃঙ্খলা-তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। তাদের কর্মসূচি হলেই তো জনগণ একটু ভীত-সন্তস্ত্র থাকে।”

তথ্যমন্ত্রী বলেন, “সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা- যাতে দেশের শান্তি, শৃঙ্খলা, স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে। সেজন্য আমাদের দল সারা ঢাকা শহর জুড়ে এবং আমাদের দলীয় নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে সতর্ক পাহারায় থাকবে।”

বিএনপি এখন জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গেছে মন্তব্য করে তিনি বলেন, “তোতা পাখি যেমন শিখিয়ে দেওয়া কথার বাইরে কিছু বলতে পারে না, খন্দকার মোশাররফ সাহেবসহ সব বিএনপি নেতার কথাই সেই তোতা কিংবা ময়না পাখির মতো গৎবাঁধা। ১৪ বছর ধরে তারা একই ঢোল বাজাচ্ছে, কোনো নতুনত্ব নেই। আসলে এই ১৪ বছরে তারা জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে।”

হাছান মাহমুদ এবারের আওয়ামী লীগের সম্মেলনে ‘শীর্ষ’ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এর আগে ফুলেল শুভেচ্ছা জানান বাচসাস সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজসহ নেতৃবৃন্দ।