এবার নির্বাচনে ‘দুই শক্তির’ মধ্যে ‘লড়াই’ হবে: ফখরুল
একটি বাংলাদেশের পক্ষের শক্তি, আরেকটি হচ্ছে, যারা সবসময় বিভ্রান্ত করতে ধর্মের কথা বলে, বলেন তিনি।
এবার জাতীয় সংসদ নির্বাচনে ‘দুই শক্তির’ মধ্যে ‘লড়াই’ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “এইবারের নির্বাচনটা হবে দুটো শক্তির মধ্যে নির্বাচন। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি…এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি। এই শক্তি হচ্ছে সত্যিকার অর্থেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার শক্তি।
“আর আরেকটি শক্তি হচ্ছে, সেই পেছনে পড়া, যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে ধর্মের কথা বলে।”
গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার দলটির সবরকম কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে। নির্বাচন কমিশনেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থাকছে দলটি।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন রেখে বৃহস্পতিবার জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সেই নির্বাচন সামনে রেখে এবারের বিজয় দিবস পালন করছে জাতি।
মির্জা ফখরুল বলেন, “আমরা একাত্তর সালকে ভুলতে পারি না। আমরা যারা দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম, লড়াই করেছি, যুদ্ধ করেছি, এই দেশের জন্য একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে। যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখন্ডে।
“আমরা কি সেই শক্তির দিকে থাকব? নাকি আমরা যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে থাকব?”
বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, “দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি। সেই সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনে ধানের শীষের মার্কাকে বেঁছে নেওয়া।”
“এই কারণে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ‘জাতির ক্রান্তি লগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
‘জনগণ কোনটা বেছে নেবে’
সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মির্জা ফখরুল বলেন, “আজকে যে মেরুকরণ সামনে এসছে, অর্থাৎ বাংলাদেশের মানুষ কোনটা বেছে নেবে? সে কি স্বাধীনতাকে বেছে নেবে, সার্বভৌমত্বকে বেছে নেবে, গণতন্ত্রকে বেছে নেবে?”
“নাকি সে পিছিয়ে পড়া, যারা অতীতে আমাদের স্বাধীনতা বিরোধীরা যেটা করেছে, আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে, সেই শক্তিকে বেছে নেবে?”
‘ওরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে’
বিএনপি মহাসচিব বলেন, “আজকে প্রশ্নগুলো আসছে এই জন্যে যে, এই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে, সেই ধর্মের নামেই। একাত্তর সালেও কিন্তু, সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল।
“অথচ এই শক্তিটি ১৯৪৭ সালে যখন এই দেশের মুসলমানরা তাদের আত্মনিয়ন্ত্রণ, নিজেদের জেগে ওঠার, নিজেদের নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা, সেটার জন্য যখন লড়াই করেছিল, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, তখন এই শক্তি আবার তার বিরোধিতা করেছিল।”
তিনি বলেন, “আমি খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৪৭ সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে।”
‘ওরা ভোল পাল্টিয়েছে’
মির্জা ফখরুল বলেন, “আজকে সেই শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু, এমন ভাব দেখাচ্ছে যে, তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পারে না।
“যারা আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে বলে আমি অন্তত মনে করি না, যারা আমরা যুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম।”
বারো ভূঁইয়া, তিতুমীরের লড়াইয়ের উদাহরণ টেনে সেই মুঘল আমল থেকে বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতার জন্য লড়াই করেছে বলে তুলে ধরেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, “সেই জাতি কখনো মাথা নত করতে পারে না, সেই জাতি কখনো পরাজিত হতে পারে না।”
‘দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছে’
মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, আমার সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে পাকিস্তান আর্মি সেদিন হত্যা করেছে অন্যায়ভাবে।
“আপনি ইতিহাসগুলো পড়েন…গোবিন্দ চন্দ্র দেবের মতো একজন দার্শনিক, শহীদুল্লা কায়সারের মতো একজন বিখ্যাত সাহিত্যিক, আলীম চৌধুরীর মতো একজন বিখ্যাত চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিক সেলিনা পারভীনের মতো একজন বিশিষ্ট সাহিত্যিক…নারী-পুরুষ সকলকে তারা তুলে নিয়ে গিয়ে বধ্যভূমিতে হত্যা করেছিল। আমাদের সকলের সেই ইতিহাস পড়া উচিত। আজকে সেইজন্যই এদেরকে ক্ষমা করার কোনো কারণ থাকতে পারে না।
“আমরা কিছুদিন আগে সংগ্রাম করেছি গণতন্ত্রকে মুক্ত করার জন্য। ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি ছাত্র-গণঅভ্যত্থানের মধ্য দিয়ে। তার মানে এই নয় যে আমরা আবার নতুন একটা ফ্যাসিস্টকে এনে আমাদের উপরে চড়ে বসতে দেব। যে শক্তি আমাদেরকে পেছনে নিয়ে যেতে চায়, সেই শক্তিকে আমরা কখনোই এখানে আসতে দিতে পারি না।”
একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
‘ওরা দেশকে অস্থিতিশীল করছে’
বিএনপি মহাসচিব বলেন, “আমরা কি দেখছি? আমরা দেখছি, ভয়াবহ একটা প্রতিহিংসার কথা। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে। ওদের এতটুকু শিক্ষা হয়নি যে ওই পরিণতির পরও।
“আজকে এ যে, হাদি ও এরশাদুল্লাহর ওপরে হত্যার অপচেষ্টা দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে ওরা। আমরা জানি বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্তকে সফল হতে দেবে না। ”
ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্নেল জয়নুল আবেদিন, মুক্তিযোদ্ধা দলের নেতা মিজানুর রহমান, নজরুল ইসলাম, এমএ হালিম, এমএ হাকিম খান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সদস্য সচিব কেএম কামরুজ্জামান নান্নু বক্তব্য রাখেন।
