Published : 11 Apr 2026, 03:27 PM
ত্রয়োদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ছয় শতাধিক ছাড়িয়ে গেছে।
রাজধানীন নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানিয়েছেন।
তিনি বলেন, “সংরক্ষিত মহিলা আসনের জন্য দলের মনোনয়ন ফরম বিক্রি গতকাল থেকে শুরু করেছি। গতকাল পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। ফরম বিক্রি ও জমা দুইটিই আজ এবং আগামীকাল অব্যাহতভাবে চলবে।

“দলের পক্ষ থেকে আমাদের যে মনোনয়ন, তারা তাদের যে আকাঙ্ক্ষা, দলের উর্ধ্বতন নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয় যে বোর্ড আছে সেখানে তাদের আবেদনটি যাবে এবং কি পদ্ধতিতে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এটি হয়ত জানা যাবে আজকালের মধ্যেই। আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব।”
রিজভী বলেছেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করেন ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে।
“অর্থাৎ যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদেরকে দলের যে মনোনয়ন ফরম সেটি বিতরণ করা হচ্ছে এবং তারা সেটি পূরণ করে যা যা চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলোসহ আমাদের কাছে জমা দিবেন।”
দুপুর ১টায় দলের সদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং বলেন, “মনোনয়নপত্র এখনো কিনছেন নারী নেত্রীরা। এখন পর্যন্ত ছয়‘শ ওপরে মনোনয়ন পত্র বিক্রি হয়েছে।
“জমা পড়েছে ৭৮/৭৯ টি। কালকে মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। আশা করছি, যারা মনোনয়নপত্র নিয়েছেন তারা কালকেই জমা দেবেন।”
মনোনয়ন ফরম বিক্রি বেশি হওয়ার ইঙ্গিত দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “এবারের প্রত্যাশা অত্যন্ত বেশি এই কারণেই যে দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর এক ভয়ানক দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আজকের এই জায়গায় উপনীত হয়েছে।
“একটা অবাধ এবং সুষ্ঠ নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। ১৫/১৬ বছরের লড়াইয়ের পর আমরা গণতান্ত্রিক চর্চা রীতিনীতি এবং এটি অনুশীলন করার যে পরিবেশটি পাওয়া গেছে সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।”
প্রার্থী চূড়ান্তের বিষয়ে রিজভী বলেন, “বিগত আন্দোলনে মহিলাদের অনেক অবদান রয়েছে। কেউ যদি ফেইসবুকে কোন স্বাধীন মতামত পেশ করেছেন তাকে গভীর রাত্রে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং যারা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে তাদের উপরে চলেছে বর্বরোচিত অত্যাচার, নিপীড়ন নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে নিপীড়ন-নির্যাতনের শেষ ছিলো না, অব্যাহত গতিতে নিপীড়ন নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে।
“আমি মনে করি দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
দলীয় মনোনয়ন প্রক্রিয়া ‘দ্রুত সম্পন্ন করতে হবে’ বলে মন্তব্য করে রিজভী বলেন, “সময় কম। কারণ চূড়ান্ত তালিকার প্রার্থীদের আবার নির্বাচন কমিশনের গিয়ে তাদের কাজ আছে।”
শনিবারও নয়া পল্টনের কার্যালয়ে শিক্ষক, আইনজীবী, শিল্পী, ছাত্রদলের সাবেক নেত্রীরাও মনোনয়ন ফরম কিনেছেন। তাদের মধ্যে আছেন, কন্ঠ শিল্পী কনকচাঁপা, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিনী বীথিকা বিনতে হোসাইনসহ সাবেক সাংসদরা।
মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। রোববার পর্যন্ত ফরম উঠানো এবং জমা দেওয়া যাবে। জমা দেবার সময়ে প্রার্থীদের ৫০ হাজার টাকা জমানত জমা দিতে হবে বলে জানিয়েছেন রিজভী।

গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী, প্রার্থী হতে মনোনয়ন দাখিল করা যাবে ২১ এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল। আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল।
চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ১২ মে হবে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩ টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।
নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে একটি আসন পাবে।