Published : 05 Jan 2026, 08:19 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান বলে এক জনমত জরিপে দাবি করা হয়েছে।
জরিপটি করেছে ‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (ইএএসডি) নামের একটি বেসরকারি সংস্থা।
সোমবার বিকালে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জরিপের ফল তুলে ধরা হয়।
এতে সভাপতিত্ব করেন সংস্থাটির উপদেষ্টা কাজী সাইফউদ্দীন বেননূর। জরিপের ফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।
পরে সংস্থার পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের বিস্তারিত জানানো হয়।
ইএএসডি বলেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত তারা জরিপটি চালিয়েছে। ৩০০টি সংসদীয় আসনের আওতায় ৬৮৪টি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দৈবচয়ন পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হয়। এতে মোট ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত নেওয়া হয়।
সংস্থাটি বলেছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কোবো টুলবক্সের’ মাধ্যমে তথ্য সংগ্রহে মাঠপর্যায়ে ১২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রাহক কাজ করেছেন। জরিপটি ছিল ‘ক্রস-সেকশনাল’ ও বর্ণনামূলক।
জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে পুরুষ ৭৫ শতাংশ এবং নারী ২৫ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের অংশগ্রহণ ছিলেন ২৭ শতাংশ, আর ৩১ থেকে ৫০ বছর বয়সী অংশগ্রহণকারী ছিলেন ৫০ শতাংশ।
পেশাভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, জরিপের সর্বোচ্চ ৩৪ শতাংশ উত্তরদাতা ছিলেন ব্যবসায়ী। কৃষি ও গ্রামীণ শ্রমজীবী খাতের ছিল ১৫ শতাংশ। গৃহস্থালি ও অনানুষ্ঠানিক খাতের ছিলেন ২৪ শতাংশ।
জরিপের ফলে বলা হয়েছে, বিএনপির প্রতি সর্বোচ্চ ৭০ শতাংশ সমর্থন পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ শতাংশ, এনসিপি ২৬ শতাংশ, জাতীয় পার্টি ১ দশমিক ৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে ০ দশমিক ১ শতাংশ সমর্থন পাওয়া গেছে।
আঞ্চলিকভাবে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বিএনপির সমর্থন সবচেয়ে বেশি, ৭৪ শতাংশ।
জরিপে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর পক্ষে বেশি সমর্থন এসেছে বরিশাল ও খুলনায়; যথাক্রমে ২৯ ও ২৫ শতাংশ। রংপুর অঞ্চলে জাতীয় পার্টির সমর্থন ৫ দশমিক ২ শতাংশ।
জরিপে অংশ নেওয়া ৭৭ শতাংশ মানুষ মনে করেন, আসন্ন নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। একই সঙ্গে ৭৪ শতাংশ ভোটার তাদের নিজ নিজ আসনে বিএনপি প্রার্থীর বিজয়ের সম্ভাবনা দেখছেন।
জরিপে বলা হয়েছে, আগে আওয়ামী লীগকে সমর্থন দেওয়া ভোটারদের ৬০ শতাংশ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি ২৫ শতাংশ জামায়াতে ইসলামীকে এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য দলকে সমর্থনের কথা জানিয়েছেন।
জরিপের সীমাবদ্ধতা তুলে ধরে গবেষকরা বলেন, জাতীয় পর্যায়ে রাজনৈতিক প্রবণতা বোঝার জন্য নমুনা যথেষ্ট হলেও প্রতিটি আসনের আলাদা ফলের জন্য আরও বিস্তৃত তথ্য প্রয়োজন ছিল। এছাড়া তথ্য সংগ্রহের সময় দেশের রাজনৈতিক অঙ্গনে কয়েকটি উল্লেখযোগ্য ও আবেগঘন ঘটনা ঘটে, যা ভোটারদের মানসিকতায় প্রভাব ফেলতে পারে বলেও তারা মনে করেন।
কাজী সাইফউদ্দীন বেননূর বলেন, “এই জনআকাঙ্ক্ষা আগামীর একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথনির্দেশনা দেবে।”
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মী, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা হয়।