১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভোলার পথে তোফায়েল আহমেদ, দাফন মায়ের পাশে

"তোফায়েল সাহেবের মরদেহ নিয়ে হেলিকপ্টার ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে গেছে।"

ভোলার পথে তোফায়েল আহমেদ, দাফন মায়ের পাশে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 01:37 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেকমন্ত্রী তোফায়েল আহমেদ শেষবারের মত ফিরছেন ভোলায়। তবে এই ফেরা তার কফিনবন্দি হয়ে নিথর দেহে। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে এই রাজনীতিকের মরদেহ নেওয়া হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে দুপুর ১২টা ৫৭ মিনিটে মরদেহবাহী মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার ভোলার উদ্দেশ্যে রওনা হয়।

মেঘনা এভিয়েশনের অপারেশন ম্যানেজার ইফতেখারুল সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তোফায়েল সাহেবের মরদেহ নিয়ে হেলিকপ্টার ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে গেছে।"

ভোলা জেলা সরকারি হাই স্কুল মাঠে তোফায়েল আহমেদের জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর দক্ষিণ গঙ্গাপুর এলাকার কোরালিয়া গ্রামে মায়ের কবরের পাশে শেষ শয্যায় শায়িত হবেন ষাটের দশকের ছাত্ররাজনীতির উজ্জ্বল নক্ষত্র।

সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। বাদ মাগ‌রিব রাজধানীর ধানম‌ন্ডির তাকওয়া মস‌জিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন বর্ষীয়ান রাজনীতিক তোফায়েলের জানাজায় অংশ নেন। 

ওই জানাজায় আওয়ামী লীগের সাবেক নেতা ও মন্ত্রী লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান কাদের সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা ও সাবেকমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সেখানে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ আওয়ামী লীগের আরও অনেকেও ছিলেন।

জানাজা শেষে স্কয়ার হাসপাতালের হিমঘরে তোফায়েল আহমেদের মরদেহ রাখা হয়। 

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর বিকালে নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদ্‌রোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতাঐএর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। বাংলাদেশের রাজনীতির নানা বাঁক-বদলের সাক্ষী প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মারা যাওয়ার আগে স্কয়ার হাসপাতালেই তার কেটে যায় আট মাস আট দিন। 

আরও পড়ুন-

তোফায়েল আহমেদের জীবনাবসান

তুখোড় ছাত্রনেতা থেকে প্রভাবশালী রাজনীতিবিদ: ‘হতাশা এলেও আদর্শ ছাড়েননি’ তোফায়েল আহমেদ