সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল বিএনপি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিহউল্লাহকে আহ্বায়ক করে ১১ সদস্যের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন পরিষদ গঠনের কথা বলেছে বিএনপি।
আহ্বায়ক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন এ কমিটি ২০২২ সালে ২৭ অক্টোবর থেকে দায়িত্ব পালন করছিল।
সোমবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করা হয়।
এতে বলা হয়, আগামী ৯০ দিনের মধ্যে পরিষদের সম্মেলন ও পরিষদ গঠনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিহউল্লাহকে আহ্বায়ক করে ১১ সদস্যের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যারিস্টার কায়সার কামাল (আইনজীবী ফোরাম), অধ্যাপক মোর্শেদ হাসান খান (ইউট্যাব), কাদের গণি চৌধুরী (বিএফইউজে), শাহরিন ইসলাম তুহিন (এ্যাব), জহিরুল ইসলাম শাকিল (ড্যাব), অধ্যাপক আবদুস সালাম (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল), অধ্যাপক মোস্তাফিজ (এইবি), জাকির হোসেন (শিক্ষক কর্মচারী ঐক্যজোট), রফিকুল ইসলাম (জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট) ও মোকসেদুল মোমিনিন মিথুন (আমরা বিএনপি পরিবার)।
পরিষদের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য মোকসেদুল মোমেনিন মিথুন এ কমিটির দাপ্তরিক দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
