Published : 23 Feb 2026, 12:31 PM
বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন বিএনপির নয়া পল্টনের কার্যালয়ে। এতে ‘নীরবতা’ কাটিয়ে ফের ‘সরব’ হয়ে উঠেছে ক্ষমতাসীন দলের কার্যালয়টি।
সোমবার বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কার্যালয়ে পৌঁছালে কর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানায়। এ সময় নেতা-কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর মির্জা ফখরুল এই প্রথম নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান। প্রধান ফটকে মির্জা ফখরুলকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলের নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিন, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি তপন কুমার মজুমদারসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও ফুল দিয়ে বিএনপি মহাসচিবকে শুভেচ্ছা জানান।
পরে বিএনপি মহাসচিব তিনতলায় নিজের চেম্বারে গিয়ে বসেন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কার্যালয়ে আসার নির্দেশ দেন।
সরকার গঠনের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি প্রায় নেতা-কর্মী শূন্য হয়ে যায়, অলস সময় কেটেছে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের।
সোমবার দেখা গেছে উল্টো চিত্র। অফিস কর্মীরা আনন্দিত ছিলেস, ব্রিফিং কক্ষটিও সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে।

বিএনপি দপ্তরে কর্মকর্তা রেজাউল করীম বলেন, “মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আসবেন সেজন্য সকাল থেকে আমরা রেডি ছিলাম। স্যার এসেছেন আমাদের ভালো লাগছে।”
একজন অফিস কর্মী বলেন, “গত ছয়টি দিন একেবারের ফাঁকা ছিল, নেতা-কর্মী কেউ সেভাবে আসেনি। আমাদের কাজকর্ম ছিল না। আজকে অনেকে আসছেন, স্লোগান দিচ্ছেন, গম গম করছে অফিস।”
পল্টনে মহানগর বিএনপির কর্মী আবদুল হালিম বলেন, “মহাসচিব আসবেন জেনে সকাল ১০টায় পার্টি অফিসে এসেছি। সঙ্গে আরও কয়েকজন এসেছে। গত কয়েকদি বিএনপি অফিসটা একেবারে নীরব ছিল। লোকজন সেভাবে দেখিনি।

“আজকে এসে মনে হচ্ছে অফিস প্রাণ ফিরে পেয়েছে।”
নিজের চেম্বারে বসার পর দপ্তরের সহ সম্পাদকদের নিয়মিত অফিস করার নির্দেশ দেন মির্জা ফখরুল। কর্মকর্তা-কর্মচারীদের কাজকর্মের খোঁজ-খবর নেন এবং সবাইকে নিয়মিত অফিসে থাকার কথা বলেন।
তিনি বলেন, “আপনারা নিয়মিত অফিস করবেন, কোনো কাজ ফেলে রাখা যাবে না। নেতা-কর্মীরা দূর দূরান্ত থেকে আসলে তাকে সহযোগিতা করবেন। এটাতে যেন কোনো শিথিলতা না হয়।”
নয়া পল্টনের অফিসে প্রায় ৪৫ মিনিট থাকার পর বিএনপি মহাসচিব যান সচিবালয়ে।
সরকার গঠনের পর বিএনপি অফিস ফাঁকা!