বিস্ফোরক মামলায় এ্যানীসহ নয়জন খালাস
“মামলা চলার মতো কোনো উপাদান না থাকায় এ পর্যায়ে মামলাটি নিষ্পত্তি করা হয়,” বলেন এ্যানীর আইনজীবী।
এক যুগ আগের বিস্ফোরক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ নয়জন খালাস পেয়েছেন।
সোমবার এ রায় ঘোষণা করেন ঢাকার ১৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক।
খালাস পাওয়া অন্যরা হলেন- বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, বিএনপি নেতা ইসহাক সরকার, কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, এম এ সৈয়দ মন্টু, আ. সাত্তার ও মো. সালাউদ্দিন।
এ্যানীর আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে আসামিদের খালাস দেওয়া হয়েছে।
“মামলা চলার মতো কোনো উপাদান না থাকায় এ পর্যায়ে মামলাটি নিষ্পত্তি করা হয়।”
এদিন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৩ সালের ১০ নভেম্বর ১৮ দলের ডাকা হরতাল চলাকালে সূত্রাপুর এলাকায় একটি লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ওই গাড়ির পাঁচজন দগ্ধ হন। ঘটনার পরদিন সূত্রাপুর থানার তৎকালীন এসআই নয়ন ফারকুন বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন।
মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। তদন্ত শেষে ২০১৯ সালের ২১ মে ডিবি পুলিশের পরিদর্শক আনোয়ার আলম আজাদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে এ্যানীসহ নয়জনের বিচার শুরু হয়।
