২২ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

কিছু বললেই চলে যান আজিজ-বেনজীরে: কাদের

"তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেকের দুর্নীতি নিয়ে কথা বলি, কিন্তু সেটা পরের দিন পত্রিকার পাতায় পাই না।”

কিছু বললেই চলে যান আজিজ-বেনজীরে: কাদের
সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2024, 03:44 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইদানিং তিনি যাই বলেন না কেন, তার বক্তব্যের মধ্যে থেকে কেবল সাবেক আইজিপি ও সাবেক সেনা প্রধানের অংশটুকু সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়।

কিন্তু তারেক রহমানের দুর্নীতি নিয়ে কোনো কথা বললে সেটি ‘উপেক্ষিত থেকে যায়’ বলে অভিযোগ তার। 

কাদের বলেন, "তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেকের দুর্নীতি নিয়ে কথা বলি, কিন্তু সেটা পরের দিন পত্রিকার পাতায় পাই না। খুব দুর্ভাগ্যজনক এটা।" 

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দলের ঢাকা মহানগর ও জেলার নেতা, মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে কথা বলছিলেন তিনি। 

কাদের বলেন, "রোববার আমাদের মূল আলোচনাটি ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষিকীর, হীরক জয়ন্তী নিয়ে। সেটা নিয়ে একটা শব্দও নাই কোনো পত্রিকায়। আপনারা (সাংবাদিক) চলে গেলেন আজিজ আর বেনজীরে। ওটাই হল হেডিং। এটাতো হওয়া উচিত না।  

"আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছিলাম। আপনার ওখানে বেনজীর- আজিজকে ঢুকিয়ে দিয়েছেন বারবার, এটা তো প্রথম না। প্রায়ই দেখি, আমি কিছু বললেই ওই দুইজন আসে। অথচ তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না।”

সংবাদমাধ্যমে কর্তৃত্ব ‘রিপোর্টারদের হাতে নেই’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "তারপরও যা দেখবেন, যা শুনবেন, সেটাইতো প্রচারিত হবে। এটাই তো মিডিয়ার ধর্ম। এটাই মিডিয়ার কর্তব্য। আমার মূল সাবজেক্ট থেকে আপনি এক হাজার মাইল দূরে চলে যাবেন। এটাতো ঠিক না। আজকের মিটিংটাও হীরক জয়ন্তীর।" 

দিল্লি থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী তার ভারত সফর নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হবে বলে জানান সরকারের সেতুমন্ত্রী কাদের। 

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে।"

রোববার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দিল্লি যান শেখ হাসিনা।