১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিদুর্গতদের পাশে দাঁড়ান, আওয়ামী লীগ কর্মীদের বললেন কাদের

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শেখ হাসিনা সরকার আছে এবং থাকবে, দাবি ওবায়দুল কাদেরের।

ঘূর্ণিদুর্গতদের পাশে দাঁড়ান, আওয়ামী লীগ কর্মীদের বললেন কাদের

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 07:54 PM

Updated : 25 Oct 2022, 07:54 PM

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, “ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শেখ হাসিনার সরকার আছে এবং থাকবে।" 

মঙ্গলবার সচিবালয়ে নিজের দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কাদের। 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে, দেয়াল ধসে এবং পানিতে ডুবে দুই ডজন মানুষের মৃত্যুর খবর এসেছে। এছাড়া ১০ হাজার ঘরবাড়ি এবং ৬ হাজার হেক্টর জমির ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র।  

বিএনপিকে সাম্প্রদায়িক শক্তির ‘পৃষ্ঠপোষক’ হিসেবে বর্ণনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "বিএনপি এমন একটি দল, যাদের নেতাদের মুখে মধু অন্তরে বিষ। তাদের মুখে গণতন্ত্রের বুলি কিন্তু চর্চায় লুটপাট আর সুবিধাবাদ। বিএনপি স্বাধীনতার কথা বলে কিন্তু লালন ও পোষণ করে স্বাধীনতা বিরোধী অপশক্তি আর পৃষ্ঠপোষকতা করে সাম্প্রদায়িক শক্তিকে।" 

তার ভাষায়, যারা ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচন আর সোয়া এক কোটির বেশি ‘ভুয়া ভোটার’ সৃষ্টি করে, সেই দলের (বিএনপির) মুখে ভোটাধিকারের কথা মানায় না। 

আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল– বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, "হ্যাঁ করেছিল, আর তা হচ্ছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ভাতের অধিকারের জন্য, কিন্তু বিএনপি তো তখন তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিল।“ 

তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে কাদের বলেন, “বিএনপি নেত্রী তখন বলেছিলেন, শিশু আর পাগল ছাড়া নিরপেক্ষ কেউ নন, কিন্তু বিএনপি নেতারা এখন এ কথা কেন বলে না?” 

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ‘কলঙ্কিত’ করেছে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। 

তিনি বলেন, “এখন তাদের কেন এ পশ্চাদযাত্রা, আসলে বিএনপি ভবিষ্যৎমুখী নয়, তারা পশ্চাদমুখী। অন্ধ বিরোধিতাই বিএনপির একমাত্র হাতিয়ার।

“তাদের (বিএনপি) টেকব্যাক মানে আবারও বিদ্যুৎবিহীন খাম্বা, তাদের টেকব্যাক মানে আবারও গ্রেনেড হামলার মত ষড়যন্ত্র।…। মুক্তিযুদ্ধের বাংলাদেশ টেকব্যাকের নামে আর সেই অন্ধকারে ফিরে যাবে না।” 

রিজার্ভ নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে কাদের বলেন, “শেখ হাসিনা সরকারের আমলে ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ দেখেছে দেশবাসী। বর্তমানে যা প্রায় ৩৬ বিলিয়ন ইউএস ডলার। 

“তাদের (বিএনপি) সময়ে রেখে যাওয়া ৪ বিলিয়নের কিছু বেশি রিজার্ভের সাথে এখনকার রিজার্ভের সংখ্যাটা মিলিয়ে নিন। তারপর না হয় রিজার্ভ নিয়ে কথা বলুন।” 

কাদের বলেন, “বিএনপি নেতারা বিদ্যুৎ এবং রিজার্ভ নিয়ে কথা বলে কোন মুখে? তাদের কি বিন্দুমাত্র লাজ শরম নেই? যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল, যাদের শাসনামলে দিনের পর দিন লোডশেডিং চলত, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকত না, তারা আজ বিদ্যুৎ নিয়ে কথা বলে কোন মুখে?" 

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "বিদ্যুতের নামে খাম্বা দিয়ে প্রতারণার কথা জনগণ এখনো ভুলে যায়নি, ভুলে যায়নি বিদ্যুতের দাবিতে মিছিলে গুলির কথা, হারিকেন-কুপি নিয়ে বিক্ষোভের কথা।” 

বর্তমান সরাকারের ‘শতভাগ বিদ্যুতায়নের’ সাফল্যের কথা তুলে ধরে কাদের বলেন, নতুন করে শুরু হওয়া জ্বালানি সংকটের সমাধানে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।