Published : 06 Mar 2026, 07:59 PM
জনআকাঙ্ক্ষা পূরণে জনগণ সরকারকে ‘যৌক্তিক সময় দেবে’ বলে মনে করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, “১৮০ দিনের মধ্যে সরকারকে অবশ্যই জনপ্রত্যাশা বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অগ্রাধিকার নির্দিষ্ট করে সরকারকে সে লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
শুক্রবার বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে কথা বলছিলেন সাইফুল হক।
তিনি বলেন, “স্বার্থান্বেষী কোনো কোটারি স্বার্থের কাছে সরকার হেলে পড়তে পারে না। বিতর্কিত পদক্ষেপ ও নীতি কৌশল থেকেও সরকারকে বিরত থাকতে হবে।”
সাইফুল হক এবার ঢাকা-১২ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান। পুনর্মিলনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও ছিলেন।
‘সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম, ক্ষমতার অপব্যবহার ও দখলদারত্বের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দেন সাইফুল হক। তিনি বলেন, “কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবে না।”
সাইফুল হক বলেন, “বেশুমার কালো টাকা, পেশীশক্তি, প্রশাসনিক ম্যানিপুলেশান, ভোটের ইঞ্জিনিয়ারিং, ধর্মানুভূতির রাজনৈতিক ব্যবহারের কারণে” তিনি নির্বাচনে জিততে না পারলেও ঢাকা-১২ এর জনগণের পাশেই থাকবেন।
তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী, বিএনপি নেতা, সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, শাহ আলম, এল রহমান, মনিরুল ইসলাম রাহেমী, ইঞ্জিনিয়ার মিরাজুল হায়দার আরজু,তাসলিমা রীতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, ফিরোজ আলী।