১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ার্কার্স পার্টি অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ

“তারা তালা লাগিয়ে ওই অফিস দখল নিয়ে অফিসের দরজায় ফ্যাসিবাদবিরোধী গবেষণা কেন্দ্রের সাইনবোর্ড লাগিয়ে দেয়।"

ওয়ার্কার্স পার্টি অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 03:14 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে বিভিন্ন সংগঠনের হুঁশিয়ারির মধ্যে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।  

পুলিশ বলছে, হামলা-ভাঙচুরের খবর তাদের কাছে নেই। তবে সন্দেহভাজন একজনকে ধরে পুলিশে দিয়েছে এনসিপির নেতা-কর্মীরা।

ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছে, বুধবার রাত ১১ থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘সরকার সমর্থিত মব সন্ত্রাসীরা’ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরে চালায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আওয়ামী লীগ ঘোষিত লক ডাউন কর্মসূচি প্রতিহত করার নামে ১২ নভেম্বর তারিখ রাত্র ১১টায় প্রায় শতাধিক লোক ড. ইউনূসের সমর্থনে নারায়ে তকবীর স্লোগান দিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ফাঁসি দাবি করে ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আক্রমণ করে এবং ভাংচুর করে। তারা প্রায় দেড় ঘণ্টা তাণ্ডব চালায়।”

হামলাকারীরা অফিস সহকারী মনির হোসেনকে মারধর করে তার হাতে ‘বোমা ধরিয়ে দিয়ে’ পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। 

সেখানে বলা হয়, "একই সাথে তারা তালা লাগিয়ে ওই অফিস দখল নিয়ে অফিসের দরজায় ফ্যাসিবাদবিরোধী গবেষণা কেন্দ্রের সাইনবোর্ড লাগিয়ে দেয়।"

এ ব্যাপারে প্রশ্ন করলে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “সেখানে এনসিপির নেতা কর্মীরা ছিল। ওয়াকার্স পার্টির অফিসে একজনকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। তবে ভাঙচুর বা কোন হামলার ঘটনার খবর নেই।"

বেলা পৌনে ৩টার দিকে আটক মনির হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ওয়ার্কার্স পার্টির মিডিয়া শাখার একজন নেতা জানিয়েছেন।