১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মে দিবসের শ্রমিক মহাসমাবেশে প্রধানমন্ত্রী

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের পর ঢাকায় এটাই বিএনপির সবচেয়ে বড় আয়োজন, যেখানে সরকারপ্রধানও অংশ নিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 06:03 PM

Updated : 10 Sep 2026, 12:59 PM

মে দিবসে ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার দুপুর আড়াইটায় এ সমাবেশের কার্যক্রম শুরু হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলোর কারখানা থেকেও শ্রমিকরা ঢাকায় এসেছেন জানিয়ে তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ প্রভৃতি জেলার শিল্প-কলকারখানার শ্রমিকরা এই সমাবেশে অংশ নিচ্ছেন। 

সকালে বৃষ্টির কারণে নয়া পল্টনের সড়কে পানি থাকলেও, দুপুরের আগেই তা নেমে যায়। লাল টুপি, টি-শার্ট পরে ও হাতে ব্যানার নিয়ে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টনে জড়ো হন। তাদের স্লোগান ও করতালিতে মুখরিত হয় সমাবেশস্থল।

বিএনপি কার্যালয়ের সামনেই মঞ্চ সাজানো হয়েছে লাল কার্পেটে। ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশে লাগানো হয়েছে দেড় শতাধিক মাইক।

উত্তরমুখী মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের ছবি রাখা হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের পর ঢাকায় এটাই বিএনপির সবচেয়ে বড় আয়োজন, যেখানে সরকারপ্রধানও অংশ নিচ্ছেন।