Published : 13 Jul 2026, 10:02 AM
বরিশালের গৌরনদী উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সকাল ১০টায় সরকারপ্রধানের গাড়িবহর গৌরনদী পৌঁছালে তাকে স্বাগত জানান বরিশাল-১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন অন্যরা।
বরিশালের প্রবেশপথ গৌরনদীতে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী-সমর্থক সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে মুহুর্মুহু করতালি দিয়ে স্বাগত জানান।
‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজের বুলেটপ্রুফ বাস থেকে বিএনপি চেয়ারম্যান হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
গৌরনদীতে প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে বাটাজোর ইউনিয়নে সরিকল-বাটাজোর খালের তীরে বৃক্ষরোপণ এবং ১০টা ৪০ মিনিটে বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান তিনি যোগ দেবেন।
সরকারপ্রধান বারণ করায় তার সফর ঘিরে কোথাও কোনো তোরণ নির্মাণ করা হয়নি। বড় কোনো ব্যানার-ফেস্টুনও দেখা যায়নি।
দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান গৌরনদীতে পা রাখলেন। সবশেষ ২০০৪ সালে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি এ উপজেলা সফর করেছিলেন।
এদিন ভোর ৬টায় গুলশানের বাসা থেকে সড়কপথে বরিশালের পথ ধরেন প্রধানমন্ত্রী। এদিন দুপুর ১টায় বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি লাগোয়া সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ এবং বিকাল সাড়ে ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা রয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করে প্রথমবারের মতো বরিশাল সফর করছেন তারেক রহমান।
সংসদ নির্বাচনের আগে প্রচারণার অংশ হিসেবে ৪ ফেব্রুয়ারি বরিশাল এসেছিলেন তারেক রহমান। তিনি ওইদিন বেলস পার্কে দলের নির্বাচনি জনসভায় বক্তৃতা করেছিলেন।