১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এভারকেয়ারে জুবাইদা

“তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা কাজে সরাসরি সম্পৃক্ত থাকছেন এবং সমন্বয় করছেন।”

এভারকেয়ারে জুবাইদা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 03:53 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

ধানমন্ডিতে মায়ের বাড়িতে রাত্রিযাপন শেষে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন জুবাইদা রহমান।

রোববার বিকাল পৌনে ৪টায় তিনি হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মুহূর্তে ভাবি এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ম্যাডামের কাছে আছেন।

“রাতে ছিলেন মাহবুব ভবনে (পারিবারিক বাড়ি)। বিকালের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। রাতে বাসায় থাকলেও ভাবি সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালের সিসিইউ’র চিকিৎসকদের সাথে যোগাযোগ রাখছেন।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছেন। 

এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানও সদস্য হিসেবে রয়েছেন। তিনি লন্ডন থেকে শুক্রবার ঢাকায় নেমেই শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। এরপর থেকে তিনি বাবার বাড়ি ও হাসপাতালে যাওয়া-আসার মধ্যে থাকছেন।

রুমন বলেন, “লন্ডন থেকে আসার পর ভাবি মেডিকেল বোর্ডের প্রতিটি মিটিংয়ে অংশ নিচ্ছেন এবং বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা কাজে সরাসরি সম্পৃক্ত থাকছেন এবং সমন্বয় করছেন।”

চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মেডিকেল বোর্ডের বৈঠকে জুবাইদা রহমানও থাকছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকছেন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও এসব বৈঠকে অংশগ্রহণ করছেন।

বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা উঠলেও এখনো তার শারীরিক অবস্থা বিমানভ্রমণ উপযোগী নয় বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।