Published : 15 Mar 2026, 05:49 PM
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ ‘যথাযথ যাচাই-বাছাই ও পর্যালোচনা’ ছাড়া অনুমোদন না করার জন্য নির্বাচিত সরকার ও জাতীয় সংসদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
বামপন্থি এই জোটটির এক সভা থেকে রোববার এ আহ্বান জানানো হয় বলে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সোমবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দেওয়ার কথাও বলেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য রোববার জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরুর পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে উত্থাপিত অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়।
কমিটিকে ২ এপ্রিল প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের অধীনে এই অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সভায় সভাপতিত্ব করেন জোটের শরিক বাংলাদেশে সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
তোপখানা রোডে বাসদ কার্যালয়ে এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার ও শামীম ইমাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ-মার্কসবাদীর নির্বাহী ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ার, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণ ফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।
সংবিধান অনুযায়ী, যে কোনো অধ্যাদেশ নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করতে হয় এবং অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে সেগুলো পাস হতে হয়। আর তা না হলে সেগুলোর আইনি বৈধতা থাকে না।
সে কারণে গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরুর দিনই গণভোট অধ্যাদেশ, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশসহ ১৩৩টি অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সংসদে অধ্যাদেশগুলো বিল আকারে উত্থাপনের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি সেদিন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। কমিটি এই বিলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে।