০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ৯ আসামি কারাগারে

আগের দিন গ্রেপ্তার ২৪ জন আসামিকে ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 06:50 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- রেহানা পারভিন (৪৩), মো. সাইফুল ইসলাম (৫২), মো. জুয়েল শিকদার (৩৩), মো. নাজিম উদ্দিন (৩৪), মো. সাহেদ (৩৭), শান্ত শেখ (২৮), মো. হারুন মাইজভান্ডারী (৫৫), খালেদ মাহমুদ ফয়সাল (৪০) ও মো. সফিকুর রহমান (৫০)।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠিয়ে সোমবার জামিন শুনানির দিন ধার্য করেছেন।

গুলশান এলাকা থেকে শনিবার তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে সেদিন ২৪ জন আসামিকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।

শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ’ লোকের অংশগ্রহণে একটি মিছিল হয়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন   

গুলশানে 'জয় বাংলা' স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ

গুলশানে আওয়ামী লীগের মিছিলে 'অংশ নেওয়া' ৩২ জন গ্রেপ্তার

গুলশানে 'জয় বাংলা' স্লোগানে মিছিল: ১০ দিনের রিমান্ডে ২৪ জন