১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৫ দাবি: এবার ২ দিনের মানববন্ধন কর্মসূচি জামায়াতের

“দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না,” বলেন মিয়া গোলাম পরওয়ার।

৫ দাবি: এবার ২ দিনের মানববন্ধন কর্মসূচি জামায়াতের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 07:57 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

জুলাই জাতীয় সনদের আইনিভিত্তিসহ পাঁচ দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দফায় দুই দিনের মানবন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান। 

নতুন কর্মসূচি অনুযায়ী, ১৪ অক্টোবর (মঙ্গলবার) মানববন্ধন হবে ঢাকাসহ সব বিভাগীয় শহরে। পরের দিন (১৫ অক্টোবর) হবে জেলা সদরে।

গোলাম পরওয়ার বলেন, ৫ দফা দাবি আদায়ে এর আগে ১ থেকে ৯ অক্টোবর সারা দেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের স্মারকলিপি দেওয়া হয়। 

“এসব কর্মসূচি সফল করায় আমি দেশবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।”

জামায়াতের এ নেতা বলেন, “এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে, এসব দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের ৫ দফা মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না।”

জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করার পর এর বাস্তবায়ন নিয়ে যখন জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলছিল, তখন পাঁচ দফা দাবিতে রাজপথে নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ছয়টি দল।

তাদের দাবির মধ্যে রয়েছে—

>> জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা।

>> সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

>> অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা।

>> ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

>> ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। 

এসব দাবি আদায়ে গত ১৮ সেপ্টেম্বর তিন দিনের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আন্দোলনে নামে দলগুলো।  

এসব দলের নেতারা বলছেন, এটি সরকারের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি তাদের জনমত গঠনের ‘কৌশল’।

কিন্তু বিএনপিসহ বেশ কয়েক দল তাদের পাঁচ দফাকে দেখছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ‘কৌশল’ হিসেবে।  

আরও পড়ুন

সংলাপ থেকে রাজপথ: জামায়াতসহ ৬ দলের কৌশলে জল কতদূর গড়াবে