Published : 30 Mar 2026, 12:14 AM
সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা দক্ষিণের প্রার্থী ঘোষণা করাসহ পাঁচটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম৷
বাকি প্রার্থীরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, কুমিল্লায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহীতে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে পারেন বলে বেশ কিছু দিন থেকে আলোচনা রয়েছে।
চব্বিশের আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন আসিফ ত্রয়োদশ সংসদের নির্বাচন করতে ১১ ডিসেম্বর পদত্যাগপত্র দেন, যা পরদিন তফসিল ঘোষণার দিনে কার্যকর হয়। তিনি ঢাকা ১০ আসনে গণসংযোগও শুরু করেছিলেন। তবে শেষ পর্যন্ত আর ভোটে অংশ নেননি।

আগের আলোচনা অনুযায়ী তাকে ঢাকা দক্ষিণে দলের প্রার্থী ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতি দ্রুত বাকি সিটি করপোরেশন এবং সারাদেশে উপজেলা ও পৌরসভার যারা প্রার্থী হবেন তাদের নামও ঘোষণা করা হবে।
দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সারজিস আলম বলেন, “আমাদের জায়গা থেকে দলীয়ভাবে যে সাংগঠনিক শৃঙ্খলার জন্য স্থানীয় পর্যায়ের এখন সিটি করপোরেশন এটা (নির্বাচন) করছি। আগামীতে উপজেলা কিংবা পৌরসভায় (নির্বাচন) করব কিনা এটা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেব। আশা করছি করব।”
তার মতে, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হলে তা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।
সারজিস বলেন, “প্রতীক থাকলে যেটা হয় এই (জাতীয়) নির্বাচনে দেখেছি। প্রশাসন থেকে শুরু করে বর্তমানে বিএনপি ক্ষমতাসীন সরকার এবং ডিপ স্টেটের বিভিন্ন অংশ তারা একদম একজোটভাবে ক্ষমতাসীন সরকারের যে প্রতীক থাকে ওই প্রতীকের প্রার্থীকে জেতানোর জন্য যেকোনভাবে, যা যা প্রভাব খাটানো যায় সকল চেষ্টা করে।
“যখন প্রতীক থাকবে না অন্তত এই এক প্রার্থীকে যেকোন উপায়ে জেতানোর যে অসুধ উপায় অবলম্বন, অন্তত এটা থেকে আমরা মুক্তি পাব সেই জায়গা থেকে তুলনামূলক এটা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।"
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন পাঁচ দফা দাবি তুলে ধরেন।
সেগুলো হল
>> আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে।
>> উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ করা যাবে না।
>> প্রশাসকের পদে বসে কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না।
>> লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকার, নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে।
>> দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়া সংস্কার করা অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে।