১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

তিনি বগুড়া-৬ আসন থেকেও ভোট করবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 12:09 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ঢাকা-১৭ আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার তরফে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেকর রহমানের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এর আগে তারেক রহমানের তরফে বগুড়া-৬ (সদর) আসনেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ‍উদ্দিন আহমদ শনিবার রাতে জানান, তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির অন্যতম শরিক বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ এর বদলে ভোলা ১ আসনে জোটের প্রার্থী হিসেবে অংশ নেবেন।

পার্থের তরফে শনিবারই ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তিনি ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও এর আগে এ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।

তারেক রহমান নির্বাচনে প্রার্থী হতে শনিবার ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন। তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে নির্বাচন কমিশনের রোববার সিদ্ধান্ত দেওয়ার কথা।

সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে; এ শর্ত পূরণে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলে।

তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৩ আসনে নির্বাচন করবেন বলে দলের তরফে জানানো হয়েছে।

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরা তারেক রহমান সেদিন সংবর্ধনা, বক্তৃতা শেষে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। পরদিন বিকালে তিনি তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শনিবার ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারার পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি, ছোট ভাই আরাফাত রহমান কোকোসহ বেশ কয়েকটি কবর জিয়ারত করেছেন।

ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান