Published : 21 Jan 2026, 03:24 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কাছে প্রতীক বরাদ্দ পেয়ে আচরণ বিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী এবং জামায়াতের প্রার্থীর প্রতিনিধি।
বুধবার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের প্রার্থীদের বরাদ্দ দেওয়া হয়।
ঢাকা-১৫ আসনে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ ও জামায়াতের আমির শফিকুর রহমান দাড়িপাল্লা প্রতীক পেয়েছেন।
পরে বিএনপির প্রার্থী মিল্টন বলেন, "আচরণবিধি মেনেই এখানে এসেছি। দুঃখজনক হল একটি বিশেষ দল আচরণবিধি মানেনি। আমরা পাঁচজন এসেছি, তারা (জামায়াতের প্রতিনিধি) দশজনের বেশি লোক এখানে নিয়ে এসেছে।"
ঢাকা-১৫ আসনে জামায়াতের নারী কর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের আইডি কার্ড ও ‘বিকাশ নম্বর’ সংগ্রহ করছেন বলে অভিযোগ উঠেছে।
সেই প্রসঙ্গ টেনে মিল্টন বলেন "নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি দল নারীদের বাসায় বাসায় পাঠিয়ে দেয়। ভিডিওতে দেখা গেছে নারীকর্মীরা এনআইডি আর বিকাশ নাম্বার চাইছিল।
“এগুলো ব্যক্তিগত তথ্য। বাইরের কাউকে হস্তান্তরযোগ্য নয়। নারীকর্মীদের এসব জিজ্ঞেস করলে তারা ছুটোছুটি শুরু করেন। পরে তাদের নেতারা ২০, ২৫ জন নিয়ে এসে প্রশ্নকর্তাকে নাজেহাল করে।"
বিএনপির প্রার্থী দাবি করেন, পীরেরবাগ, শেওড়াপাড়াতেও একই ঘটনা ঘটেছে।

"স্থানীয় মানুষরা জিজ্ঞেস করলে জামায়াতের সংঘবদ্ধ কর্মীরা বিএনপির দুইজন কর্মীকে মারধর করে। সেখানে পরে হৈ হল্লা সৃষ্টি হয়। আমি ব্যক্তিগতভাবে পুলিশ, সেনাবাহিনীকে ফোন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করি। ইসিকে অনুরোধ, সবাই যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে।"
জামায়াতের আমিরের পক্ষে রিটার্নিং অফিসারের কাছে প্রতীক বরাদ্দ নেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ একটি প্রতিনিধি দল।
পরে জুবায়ের বলেন, "আশা করছি আগামী নির্বাচনে প্রার্থীরা সবাই অংশ নেবেন, গণভোট হ্যাঁ ভোটের মাধ্যমে বিজয়ী হবে। সুন্দর, নিরাপদ ও মানবিক বাংলাদেশের দিকে এগিয়ে যাব। যদিও আমাদের উপর সন্ত্রাসীরা হামলা করেছে। গতকালও করেছে। আশা করব এমন ঘটনা যেন আর না ঘটে।
“সন্ত্রাসমুক্ত নির্বাচন আশা করি। যেহেতু গত তিনটি নির্বাচন হয়নি তাই ইসিকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।"

নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগ অস্বীকার করেন জুবায়ের।
বিএনপির অভিযোগের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, "পুরোপুরি অসত্য তথ্য। তফসিল ঘোষণার পর সব প্রচার সামগ্রী আমরা অপসারণ করেছি, ইসির অপেক্ষা করিনি। অপপ্রচার চালিয়ে ১০ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতমূলক আচরণ হচ্ছে। ইসির দৃষ্টি আকর্ষণ করেছি।"
এই জামায়াত নেতার ভাষ্য, “একটি বিশেষ দল থেকে আমাদের নারী ভোটারদের উপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছে। আশা করছি দ্বিতীয়বার যেন এমনটা না ঘটে।”
রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী ঢাকা ১৩ ও ১৫ আসনের প্রতীক বরাদ্দ দেন। এ দুই আসনে মোট ২৬৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
বৃহস্পতিবার থেকে ‘আইনের প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে’ প্রচার চালানোর জন্য প্রার্থীদের পরামর্শ দেন রিটার্নিং কর্মকর্তা।
বিশেষ করে প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে আচরণবিধি ভঙ্গের অভিযোগ বেশি পাওয়া যায়। তাই কর্মী সমর্থকদের সচেতনতা বাড়াতে প্রার্থীদের আহ্বান জানান তিনি।
ইউনুচ আলী বলেন, “ভোটকেন্দ্রের প্রত্যেক কক্ষে একজন প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট থাকতে পারবে, নির্বাচনী এজেন্ট থাকবে একজন। এই এজেন্টের মাধ্যমে নির্বাচনের সব খরচ জমা দিতে হবে। ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না।”
কে কোন প্রতীক পেলেন
|
ঢাকা-১৩ |
||
|
প্রার্থী |
দল |
প্রতীক |
|
ফাতেমা আক্তার মুনিয়া |
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ |
আপেল |
|
ববি হাজ্জাজ |
বিএনপি |
ধানের শীষ |
|
মিজানুর রহমান |
গণ অধিকার পরিষদ |
ট্রাক |
|
মো. খালেকুজ্জামান |
বাসদ |
মই |
|
মামুনুল হক |
খেলাফত মজলিশ |
রিকশা |
|
মো. শাহাবুদ্দিন |
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি |
রকেট |
|
শাহরিয়ার ইফতেখার |
বাংলাদেশ মুসলিম লীগ |
হারিকেন |
|
শেখ মোহাম্মদ রবিউল ইসলাম |
স্বতন্ত্র |
ঘুড়ি |
|
সোহেল রানা |
স্বতন্ত্র |
কলস |
|
ঢাকা-১৫ |
||
|
প্রার্থী |
দল |
প্রতীক |
|
আহমেদ সাজেদুল |
সিপিবি |
কাস্তে |
|
খান শোয়েব আমানুল্লাহ |
জনতার দল |
কলম |
|
মোবারক হোসেন |
বাংলাদেশ সুপ্রিম পার্টি |
একতারা |
|
মো. আসফাকুর রহমান |
বাংলাদেশ জাসদ |
মোটরগাড়ি (কার) |
|
মো. নিলাভ পারভেজ |
আম জনতার দল |
প্রজাপতি |
|
শফিকুর রহমান |
জামায়াতে ইসলামী |
দাঁড়িপাল্লা |
|
শফিকুল ইসলাম খান মিল্টন |
বিএনপি |
ধানের শীষ |
|
শামসুল হক |
জাতীয় পার্টি |
লাঙ্গল |