১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ঢাবির সাদা দ‌লের শ্রদ্ধা

“মায়ের মত তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা বিদ্বেষ নেই, তিনি সবার সাথে আলোচনায় বসছেন।”

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 11:18 AM

Updated : 26 Aug 2026, 05:29 PM

বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

রোববার সকা‌লে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা। 

সাদা দলের শিক্ষকরা সেখানে তাদের মাগফেরাত কামনা করে দোয়া করেন; দোয়া প‌রিচালনা ক‌রেন ঢা‌কা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান নিজামী।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা ওনার আত্নার মাগফেরাত কামনা করি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক।”

বিএনপির আগামী নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। কোনোদিন কারো সাথে খারাপ আচরণ করেননি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা বিদ্বেষ নেই। তিনি সবার সাথে আলোচনায় বসছেন। সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মত সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন।”

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম, মো. আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢা‌কা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস‌্য স‌চিব অধ্যাপক মহিউদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা।

হাসপাতালে চল্লিশ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর ভোরে মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদের সামনে জনসমুদ্রের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়।

চেয়ারপারসনের মৃত্যুতে সাতদিনের শোক পালন করছে বিএনপি। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণের পাশাপাশি দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তালন করা হয়েছে।