এক হাজার দুঃস্থকে শীতবস্ত্র দিল যুবলীগ
সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম বলেন, “যুবলীগ সব সময় মানুষের পাশে ছিল এটাই তার প্রমাণ।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস সামনে রেখে এক হাজার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যুবলীগ।
রোববার মিরপুরের শেখ রাসেল শিশু উদ্যানে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচি চলে।
যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম বলেন, "যুবলীগ সবসময় মানুষের পাশে ছিল, আছে, থাকবে। মহামারীতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে অসহায় মানুষের পাশে ছিল যুবলীগ। বিনামূল্যে ঔষধ বিতরণ, মাস্ক বিতরণ, ফ্রি-অক্সিজেন সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবাসহ অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে যুবলীগ। তারই ধারাবাতিকতায় আজকে আপনাদের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে দিতে এসেছি। যুবলীগ সব সময় মানুষের পাশে ছিল এটাই তার প্রমাণ।"
যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী বলেন, "যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে অসহায় মানুষের জন্য আমরা শীতার্তদের পাশে আছি। এই কার্যক্রম ধারাবাহিকভাবে ঢাকাসহ সারা দেশে চলমান আছে।"
যুবলীগ কেন্দ্রীয় সহ-সম্পাদক সামিউল আমিন, কার্যনির্বাহী সদস্য নূর হোসেন সৈকতসহ ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
