Published : 30 Jul 2025, 09:20 PM
প্রবাসী বাংলাদেশিরা কীভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের পরিচয়পত্র (এনআইডি) সেবা কীভাবে নিশ্চিত করা হবে, তার কর্মপরিকল্পনা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
১৪ অগাস্টের মধ্যে এই কর্মপরিকল্পনা দেওয়ার জন্য নির্বাচন কমিশন-ইসিরি কাছে দাবি জানিয়েছে তারা।
বুধবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে এনসিপির একটি প্রতিনিধি দল, সেখানে এসব বিষয়ে আলোচনা হয়েছে।
ঘণ্টাখানেকের এই বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সাংবাদিকদের বলেন, “প্রবাসী বাংলাদেশিরা অনেকে তাদের সাথে যোগাযোগ করে উষ্মা প্রকাশ করছেন, ইসির সঙ্গে তাদের যোগাযোগ করার কোনো সুযোগ নেই। তারা কীভাবে আপডেট পেতে পারেন, কবে তারা ভোটের জন্য রেজিস্ট্রেশন করবেন, প্রক্রিয়া কী হবে-সেই জিনিসগুলো জানতে চান।”
তিনি বলেন, “প্রবাসীরা আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন, (কারণ) কিছু রাজনৈতিক দলের কিছু নেতা বলেছেন যে প্রবাসীরা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে। তাদের ভোট দেওয়া উচিত কিনা, সে বিষয়ে প্রশ্ন আসছে। ইসি যেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সে বিষয়টির জন্য আমরা এসেছি।”
সাইফুল্লাহ বলেন, এ ক্ষেত্রে তাদের দুটি সুনির্দিষ্ট দাবি ছিল।
১. নির্বাচন কমিশন যেন দুই সপ্তাহ অন্তর অনলাইন ব্রিফিং করেন। এর মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ইসি কী পদক্ষেপ নিচ্ছে, তার হালনাগাদ তথ্য জানতে পারবেন তারা।
২. প্রবাসীরা এ ক্ষেত্রে কী কাজ করতে পারেন এবং কখন কোন অগ্রগতিটা হচ্ছে সেটা যেন তারা সাথে সাথে জানতে পারেন।
এনসিপির এ নেতা বলেন, “আমরা চাই যে নির্বাচন কমিশন প্রতি দুই সপ্তাহ অন্তর জন্য এটা করেন। আমরা এ বিষয়ে নির্বাচনের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা আশা করছি ওনারা এটা শুরু করবেন। এতে প্রবাসীদের যে দুশ্চিন্তা রয়েছে, তা লাঘব হবে।”
তিনি বলেন, প্রবাসী ভোটার যারা আছেন তাদের মধ্যে অনেকের এনআইডি নেই; যে ১৪টি দেশে নিবন্ধন শুরু হচ্ছে, সেখানকার প্রবাসীরা ‘জানেন না’ কীভাবে এটা করবেন।
সাইফুল্লাহ বলেন, “এজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে এসে বলেছি, যেন সুনির্দিষ্ট একটা রোডম্যাপ জানান এই আগস্টের ১৪ তারিখের মধ্যে। যে রোডম্যাপের মাধ্যমে বিভিন্ন দেশে যারা আছেন, যাদের এখনো এনআইডি নাই, যারা এখনো ভোটার হিসেবে নিবন্ধিত না, তারা যেন কাছের কোন কেন্দ্রে গিয়ে নিবন্ধিত হতে পারেন। যাতে করে তারা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন।”
এনসিপি নেতা বলেন, নিবন্ধনের পর প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন সে বিষয়টিও আলোচনা হয়েছে। ভুয়া খবর, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা বিষয়বস্তু প্রতিরোধে ইসির পদক্ষেপের অগ্রগতিও জেনেছেন তারা।
তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের এর আগে আলাপ হয়েছে, আমরা প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রে, পোস্টাল ব্যালট মাধ্যমে ভোটের ব্যাপারে আমরা পরামর্শ দিয়েছিলাম। …মূলত আমাদের চাওয়া ছিল পোস্টাল ব্যালটের মাধ্যমে যেন হয়। প্রক্সি ভোটিং এর মাধ্যমে যেন না হয়।
“প্রক্সি ভোটিং পদ্ধতি নির্বাচন কমিশন গ্রহণ করছে না। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, তার সাথে একমত পোষণ করছি।”
পুরনো খবর:
প্রবাসীদের ভোটে ব্যয় হবে ৪৮ কোটি টাকা: ইসি
প্রবাসীদের ভোট 'পোস্টাল ব্যালটে', সিদ্ধান্ত চূড়ান্ত: ইসি সানাউল্লাহ