তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দিয়ে সরকার ফের গুমের ষড়যন্ত্র করছে: পরওয়ার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দুপুরে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
গুমের বিরুদ্ধে যে অর্ডিন্যান্স জারি হয়েছে, তা বাতিল করে গুমের তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দিয়ে সরকার আবার গুম করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে রোববার দুপুরে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। পরে সংসদ ভবনের সামনে এক সমাবেশে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির’ ব্যানারে এ কর্মসূচি করেন তারা। পাশাপাশি ১১ দলীয় ঐক্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে এ ব্যাপারে স্মারকলিপিও জমা দেয়।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদযাত্রা করে জাতীয় সংসদ ভবনের সামনে একটি সমাবেশ করে ১১ দলীয় ঐক্য। পরে স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “গুমের বিরুদ্ধে যে অর্ডিন্যান্স জারি করা হয়েছে, তা বাতিল করে, গুমের ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দিয়ে এ সরকার আবার গুম করার ষড়যন্ত্র করছে। গুম প্রতিরোধের যে অর্ডিন্যান্সটি বাতিল করা হয়েছে তা বহাল রাখতে হবে। যারা গুম করে তাদের হাতে তদন্তের দায়িত্ব থাকতে পারে না।”
স্পিকারকে স্মারকলিপি জমা দিয়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার (অব.) হাসিনুর রহমান বলেন, “আমরা অনেক আশা নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলাম। আমরা সবগুলো পয়েন্ট স্পিকারকে জানিয়েছি। তিনি আমাদের সাথে দ্বিমত করেননি। তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে আমাদের জানিয়েছেন।
“আমি বলেছি, যে আইনটি করা হয়েছে, তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামীকে গুম করা হয়েছিল। আমরা এ ধরনের আইন চাই না। আমরা বলেছি, ধৈর্যের সীমা আছে।”
সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, জাগপা সহভাপতি রাশেদ প্রধান, রফিকুল ইসলাম খান এমপি, মীর আহমদ বিন কাশেম আরমান এমপিসহ অন্যান্যরা বক্তব্য দেন।
সমাবেশে সংহতি প্রকাশ করেন জুলাই অভ্যুত্থানে শহীদ জাবের ইবরাহিমের মা রোকেয়া বেগম এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এমপি ও জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ দলটির অন্যান্য সংসদ সদস্যরা।
