Published : 19 Dec 2025, 03:20 PM
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকে কেন্দ্র করে যে সহিংসতা চলছে তাতে ষড়যন্ত্র দেখছে বাংলাদেশ জাসদ।
শুক্রবার এক বিবৃতিতে দলটি বলেছে, “হাদির রাজনৈতিক অবস্থান ও কার্যকলাপ নিয়ে ভিন্ন মত থাকলে তা পালটা যুক্তি দিয়ে খণ্ডানোই গণতান্ত্রিক রীতি। যারা সেই রীতিকে অনুসরণ না করে ভিন্নমতকে দমনে হত্যাকাণ্ডের পথ বেছে নেয় তারাই গণতন্ত্রের শত্রু, তারাই ফ্যাসিস্ট।
“এই খুনিরা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। হাদিকে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে শুধু একটি নির্বাচনকে বানচাল করার অপচেষ্টাই নয়; বরং বাংলাদেশকে অস্থিতিশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্ত যে চলছে, তা এখন আরও স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে।”
বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।
এতে বলা হয়, “বাংলাদেশ জাসদ মনে করে, রাজনৈতিক হত্যাকাণ্ড, গুম, খুন ও দমন-পীড়নের বিরুদ্ধেই এদেশে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেই অন্ধকার অধ্যায় পুনরায় ফিরিয়ে আনার যেকোনো অপচেষ্টা রুখে দিতে হবে দৃঢ় ও ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রতিরোধের মাধ্যমে।”
বাংলাদেশ জাসদ বলছে, “হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ ষড়যন্ত্রকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়, বঙ্গবন্ধু ভবন, ছায়ানটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলা চালিয়েছে। এমনকি সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হত্যার চেষ্টাও করা হয়েছে।
“সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের নেতা বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমেদের সিলেটস্থ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। এসব হামলা স্বাধীন সাংবাদিকতা, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক রাজনীতির ওপর সরাসরি আঘাত।”
হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে সংবাদমাধ্যসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ চেয়েছে বাংলাদেশ জাসদ।
“আইনশৃঙ্খলা বাহিনীকে দর্শক হয়ে না থেকে সহিংস ও নৈরাজ্যমুলক কার্যকান্ডে লিপ্তদের বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থির এহেন অবনতির দায় স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি।”