মির্জা আব্বাসের অবস্থার উন্নতি, চলছে ফিজিওথেরাপি
উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে, বলেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
তার স্ত্রী আফরোজা আব্বাস মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “প্রতিদিন ওনাকে (মির্জা আব্বাস) ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন ওনার অবস্থা ভালো। উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।”
রোজার মাসে ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দ্রুত তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।
চার দিন পর ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে একমাস চিকিৎসকদের নিবিড় চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তিনি।
এরপর চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য মির্জা আব্বাস মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি হন।
আফরোজা আব্বাস বলেন, প্রতিদিন তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।
