১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছয় মাসে সরকার ‘ব্যর্থ’, মন্ত্রিসভায় আরও বদল আনতে হবে: নাহিদ

“১৮০ দিনের ব্যর্থতার জন্য তারেক রহমানের উচিৎ ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়ার। কিন্তু সেটা না করে সরকার মিথ্যাচার করছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 09:08 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

সরকারের প্রথম ছয় মাসে ‘অব্যবস্থাপনার’ কারণে বিএনপি দেশ পরিচালনায় ‘ব্যর্থ হয়েছে’ বলে অভিযোগ করেছেন জামায়াত জোটের নেতা নাহিদ ইসলাম।

মন্ত্রিসভায় সবশেষ রদবদলের প্রসঙ্গ টেনে এসময় তিনি মন্ত্রিপরিষদ আরও পুনর্গঠনের পরামর্শও দেন।

রোববার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এদিন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক হয়। ওই বৈঠকের আলোচনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন নাহিদ।

সরকারের বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “১৮০ দিনের ব্যর্থতার জন্য তারেক রহমানের উচিৎ ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়ার। কিন্তু সেটা না করে সরকার মিথ্যাচার করছে।

“মন্ত্রিপরিষদ আবার গঠন করা হল। তার মানে তাদের পরিকল্পনা ও হোমওয়ার্ক যথাযথ ছিল না। এই মন্ত্রিপরিষদ আরও পরিবর্তন করতে হবে। কারণ হচ্ছে, সকল মন্ত্রীরাই, বেশির ভাগ মন্ত্রীরা কিন্তু তাদের কার্যক্রমে ব্যর্থ হবে আসলে।”

এনসিপির আহ্বায়ক বলেন, “এই সরকারের কাছে কোনো পরিকল্পনা নাই এবং তারা বিরোধী দলের কাছে পরিকল্পনা চাচ্ছে। বিরোধী দল সরকারের আগেই ইশতেহার দিয়েছে, বিকল্প বাজেটের প্রস্তাব দিয়েছে, জ্বালানি নিয়েও প্রস্তাব দিয়েছে। জ্বালানি নিয়ে বিশেষ কমিটিতেও প্রস্তাব দেয়। পরবর্তীতে ওই কমিটিকে অকার্যকর করা হয়। সরকারের অব্যবস্থাপনার কারণে দেশবাসী ভুগছে।”

এসময় তিনি ‘ঐক্যবদ্ধ জাতীয় জ্বালানি নীতি, আইনশৃঙ্খলা বিষয়েও নীতি করা উচিত’ বলে মন্তব্য করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, “আমরা ভেবেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন হবে। কারণ তিনিতো অলরেডি ব্যর্থ প্রমাণিত হয়েছেন। আইনশৃঙ্খলার পরিবেশ মোটেও উন্নতি হয়নি। ফলে এই মন্ত্রণালয়গুলো কী করবেন, যেগুলো ক্রমাগত ব্যর্থ হচ্ছে।

“এই মন্ত্রণালয়গুলো পুনর্গঠন করা উচিৎ। প্রয়োজনে বিরোধী দল নীতিগতভাবে সহযোগিতা করবে।”

সরকারের পররাষ্ট্র নীতিরও সমালোচনা করেন নাহিদ। বলেন, “পররাষ্ট্রনীতিতে সরকার যথেষ্ট আত্মবিশ্বাসহীন। সরকার ভারত সফর করবে কি করবে না, সেটা নিয়েও জনগণকে সুনির্দিষ্ট বার্তা দিতে পারছে না।

“শেখ হাসিনার ব্রিফিংয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ভারত সরকারকে জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হয়েছে বিএনপি সরকার।”

বিরোধী দলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত জোটের এ বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।