Published : 14 Oct 2025, 09:38 PM
নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ জাতীয় লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অস্তিত্ব আবারও যাচাই করতে নেমেছে নির্বাচন কমিশন।
এ কাজের জন্য মঙ্গলবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটি-এনসিপির অভিযোগের পর এ উদ্যোগ নিল ইসি।
জাতীয় লীগের পাশাপাশি আরও দুটি দল জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-শাহজাহান সিরাজ) বিষয়ে অধিকতর তদন্ত হচ্ছে।
মঙ্গলবার ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাজমুল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে সরেজমিন তদন্ত করে ইসি সচিবালয়ে প্রতিবেদন দিতে হবে।
ইসি সচিব আখতার আহমেদ গত ৩০ সেপ্টেম্বর জানান, এবার ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। এর মধ্যে দুটো দল-এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ইসির এ সিদ্ধান্তের এক সপ্তাহ পর বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ‘জাতীয় লীগ’ নিয়ে আপত্তি তোলে এনসিপি প্রতিনিধি দল।
সেদিন এনসিপির জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেন, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জাতীয় লীগ কেন্দ্রীয় অফিসের অস্তিত্ব নেই, দলের কোনো গঠনতন্ত্র নেই। ওই দলের যারা নেতৃত্ব, তাদের কেউ চেনে না। মাঠে কোনো কর্মসূচি নেই।
“আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম যে আপনারা এমন একটি দলের নিবন্ধন দেওয়ার ব্যাপারে কীভাবে সিদ্ধান্ত নিলেন? নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা এ বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।”
এরপরই জাতীয় লীগের কেন্দ্রীয় কমিটি, সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়ের অস্তিত্ব, ধারাবাহিক কার্যক্রম যাচাইয়ে আবার তদন্ত কমিটি গঠন করা হল।
১০ দলের বিষয়ে অধিতকর তদন্তে অতিরিক্ত ৭ কমিটি
নতুন ১০টি দলের কার্যক্রম মাঠ পর্যায়ে পুনর্তদন্তের জন্য আরও সাতটি কমিটি গঠন ককরা হয়েছে মঙ্গলবার।
যে দলগুলোর বিষয়ে পুনর্তদন্ত হবে: আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভোলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।
দুদিন আগে এসব দলের কার্যক্রম মাঠ পর্যায়ে পুনঃযাচাইয়ে ইসি ১০ প্রশাসনিক অঞ্চলে ১০টি কমিটি গঠন করেছিল।
মঙ্গলবার অতিরিক্ত সাতটি কমিটি করা হয়, যাতে সংযুক্ত করা হয়েছে আরও ২১ কর্মকর্তাকে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, “সার্বিক তদন্ত কাজ শেষে আগামী সপ্তাহে দলের নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আশা করা যায়।”
পুরনো খবর
নিবন্ধন পাচ্ছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ