১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ডালিয়া

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডালিয়া সংরক্ষিত আসনের একজন সাবেক সংসদ সদস্য।

রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ডালিয়া

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2022, 03:20 PM

Updated : 23 Nov 2022, 03:20 PM

রংপুর সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র পদে নৌকার কাণ্ডারী এবার সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপতিতে বুধবার ডালিয়াকে মনোনয়ন দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

আগামী ২৭ ডিসেম্বর ভোটের তারিখ রেখে ইতোমধ্যে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর বাছাইয়ের পর ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটির প্রথম নির্বাচনে জিতে মেয়র নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ সরফুদ্দিন আহমেদ ঝণ্টু।

এরপর ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে ঝন্টুকে হারিয়ে এ সিটির মেয়র হন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা।

সাবেক মেয়র ঝন্টু ২০১৮ সালে মারা যান। এবার মেয়র পদের প্রার্থী হিসেবে আওয়ামী লীগ বেছে নিল রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করা ডালিয়াকে।

৫৯ বছর বয়সী ডালিয়া ২০১৪-১৯ মেয়াদে সংরক্ষিত আসন-৩ (রংপুর) এর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা চার লাখের বেশি। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ সিটির ভোটগ্রহণ হবে।