১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

“বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হবে,” বলেন বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 07:11 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি, যেখানে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার আভাস দিয়েছেন একাধিক জ্যেষ্ঠ নেতা।    

শনিবার এ বৈঠক হবে জানিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বিষয়টি কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে। 

বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখনো কোনো নির্দেশনা পাইনি।  নির্দেশনা পেলে নিশ্চিত করে বলতে পারব।”

‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে গেল শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের সময় বঙ্গভবনে বসা মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

সাহাবুদ্দিনের উত্তরসূরি কে হবেন, সেই আলোচনার মধ্যে স্থায়ী কমিটির বৈঠক ডাকল বিএনপি। 

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এদিন রাষ্ট্রপতি নিয়ে ‘সিদ্ধান্তে’ আসতে পারে বিএনপি।

স্থায়ী কমিটির একজন সদস্য বুধবার বিকালে বলেন, “শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হবে।”

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল।

মঙ্গলবার তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিএনপির স্থায়ী কমিটির অন্তত তিনজন সদস্যের সঙ্গে আলাপকালে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে ছয়জনের নাম উঠে এসেছে । 

এ তালিকায় আছেন— স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। 

অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও আছে আলোচনায়। 

গত সোমবার একজন কেন্দ্রীয় নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্তবর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের নামও আলোচনায় আছে।”

একজন সচিব ও বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপকের নামও আলোচনায় এসেছে।