১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আবার গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের তথ্য দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 07:36 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

জামিনে থাকা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৬টায় রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের সাবেক এ মন্ত্রীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শফিকুল বলেন, গুলশান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। 

এর আগে ২০২৫ সালের ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার শিকার হন লতিফ সিদ্দিকীসহ আলোচকরা। পরে তিনিসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ।

পরদিন শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় নিম্ন ও উচ্চ আদালতে ২০২৫ সালের ৬ নভেম্বর জামিনের পর তিনি মুক্তি পান। এ মামলায় তিনি বিভিন্ন সময় আদালতে হাজিরা দিয়েছেন।

এরইমধ্যে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামী  করা হয় লতিফ সিদ্দিকীকে।

বুধবার  শাহবাগ থানার মামলায় হাজিরা দিতে লতিফ সিদ্দিকী আবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আসেন। 

হাজিরা শেষে সাংবাদিকদের  তিনি শাপলা চত্বর মামলায় 'আত্মসমর্পণের সিদ্ধান্ত'  নেওয়ার কথা বলেছিলেন।

তিনি তখন বলেন, “আজ সকালে আমাকে জানানো হয়েছে, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমি জানি, আজ যদি আদালতে না আসতাম, তাহলে মনে করা হতো আমি আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না, সব সময় আত্মপ্রকাশ করি। সে কারণেই আজ আদালতে এসেছি।”

শাপলা চত্বরের ঘটনার বিষয়ে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে সাবেক এই মন্ত্রী বলেন, “আমি তখন মন্ত্রী ছিলাম। কিন্তু শাপলা চত্বরের ঘটনা বা সে সময়কার কোনো বিষয়ে আমি কিছু জানি না।”

এর ঘণ্টা কয়েক পরই তাকে গ্রেপ্তারের তথ্য দিল গোয়েন্দা পুলিশ।

এদিকে মতিঝিলের শাপলা চত্বরে ১৩ বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। তাদের মধ্যে আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকীর নাম রয়েছে। 

শাহবাগের আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সেদিন সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০ অগাস্ট শাপলা চত্বরের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা পড়ে। গত ৩ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ওই ঘটনায় ৩২ জনের প্রাণহানির তথ্য দেয়।

মামলাটিতে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল জলিল মণ্ডল এবং শাহরিয়ার কবির।

এ ছাড়া চলতি বছরের ১৪ মে এই মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকেও গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন- 

শাপলা চত্বর মামলা: গ্রেপ্তার না হলে ‘আত্মসমর্পণ করবেন’ লতিফ সিদ্দিকী

'আদালতে আসতে ভালো লাগে', ক্ষোভ প্রকাশ করে বিচারককে বললেন লতিফ সিদ্দিকী

যে কারণে জামিন চাননি লতিফ সিদ্দিকী

মঞ্চ ৭১ এর অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকী পুলিশ হেফাজতে

লতিফ সিদ্দিকীর জামিন আপিলেও বহাল

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র