ফেরা: ফেইসবুকে তারেকের যত পোস্ট
তিনি লিখেছেন ‘ফেরা’।
দেড় যুগ পর লন্ডন থেকে দেশে ফেরার পথে নিজের ফেইসবুক পেইজে একাধিক পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার ভোর ৫টার পর প্রথম পোস্টটি দেন তারেক রহমান। সেই শিরোনামে তিনি লিখেছেন ‘ফেরা’।
ছবিতে দেখা যায় উড়োজাহাজের আসনে বসে তারেক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম ও লোগোসংবলিত একটি নথি পড়ছেন।
এর পরের পোস্টের শিরোনামে তারেক লিখেছেন, “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”
এই পোস্টেও তারেক তার নিজের ছবি দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে উড়োজাহাজের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন তারেক রহমান।
তৃতীয় পোস্ট তারেক দিয়েছেন সিলেটের মাটিতে তাকে বহনকারী বিমানটি পৌঁছানোর পর। এখানে তারেক লিখেছেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’
এই পোস্টে দুটি ছবির মধ্যে একটি তারেকের। দ্বিতীয়টিতে তারেক ও তার সহধর্মিনী জুবাইদা রহমানকে পাওয়া গেছে।
তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 202 ফ্লাইট সকাল ১০টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমান বিমানের ভেতরেই অবস্থান করবেন, নিচে নামবেন না। যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে বেলা পৌনে ১২টার দিকে।
বিমানবন্দর থেকে তারেক রহমান যাবেন পূর্বাচলের তিনশ ফিট সড়কে, সেখানে হবে সংবর্ধনা অনুষ্ঠান।
সংবর্ধনা অনুষ্ঠান সেরে তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বর থেকে সেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
