১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

‘ক্রিকেট ভ্যাকসিন’ কোথায় মিলবে?

নাজমুল হক তপন

Published : 30 Jan 2021, 06:48 PM

Updated : 01 Jul 2022, 05:33 PM

করোনাভাইরাসের ভ্যাকসিন কূটনীতিতে বাংলাদেশ সরকার যে সফল তা বলাই যায়। এরই মধ্যে মরণঘাতী এ ব্যাধির টিকা দেশে আনতে সমর্থ হয়েছে সরকার। কূটনৈতিক সাফল্যের জোরেই করোনাভাইরাসের প্রতিষেধক চলে এসেছে আমাদের হাতের নাগালে। এর জন্য কোনও অবকাঠামো নির্মাণের প্রয়োজন পড়েনি। ফর্মুলা থেকে শুরু করে উৎপাদন কোনকিছুই আমাদের করতে হয়নি। সব কথার এক কথা, আন্তর্জাতিক যোগাযোগকে সফলভাবে কাজে লাগিয়ে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত কোভিড প্রতিষেধক ভ্যাকসিন। বাংলাদেশ ক্রিকেটের জন্য এ রকম 'রেডিমেইড ভ্যাকসিন' পাওয়াটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ভীষণভাবে। দেখতে দেখতে বাংলাদেশের টেস্ট খেলা পেরিয়েছে দুই দশক। আমাদের অর্জন বা সাফল্য বলতে মাঝে মধ্যে দু -একটা ওয়ানডে জয় আর টেস্টে দ্বিপক্ষীয় সিরিজকে হেলাফেলাভাবে নেওয়া ওয়েস্টইন্ডিজ এবং ক্রিকেট থেকে প্রায় বিচ্যুত হওযা জিম্বাবুয়ের বিপক্ষে জয়।

ঘরের মাঠে নিজেদের পছন্দমত স্পিনিং ট্র্যাক বানিয়ে দু-একবার বড় দলগুলোর বিপক্ষে সাফল্যে এসেছে। তবে এখানেও শুভঙ্করের ফাঁকিটা সুস্পষ্ট। ঘরের মাটিতে নিজেদের মত করে উইকেট বানিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ড্র করা সম্ভব হয়েছে। যদিও একই ফর্মুলায় উপমহাদেশের দলগুলোর বিপক্ষে সিরিজ হার এড়ানো সম্ভব হয়নি। কাছাকাছি সময়ে (ঘরের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজে ড্র) ঘরের মাঠে বাংলাদেশ টেস্ট সিরিজে হেরেছে পাকিস্তানের বিপক্ষে। নিজের উঠোনে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজে হারতে হয়েছে টাইগারদের। ঘরের মাঠে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে নবীন আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচে দুই দশকের টেস্ট অভিজ্ঞতাপুষ্ট বাংলাদেশকে তুর্কি নাচ নাচিয়েছে টেস্ট বেবি আফগানিস্তান। 

ঘরের মাঠে স্পিনিং ফর্মুলা যে উপমহাদেশের দলগুলোর বিপক্ষে কোনও কাজ দেয় না এটা প্রমাণের প্রয়োজন পড়ে না। টাইগারদের বিদেশের মাটিতে পারফরম্যান্স নিয়েও আর নতুন করে কিছুই বলার নাই। 

দ্বিপক্ষীয় সিরিজ বিশেষ করে টেস্ট সিরিজকে আনুষ্ঠানিকতা হিসাবেই বিবেচনা করে ওয়েস্টইন্ডিজ। ২০১৮ সালে স্বাগতিক ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। অ্যাওয়েতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে স্বাগতিক ভারতের বিপক্ষে। দুটো টেস্টেই ইনিংস ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। ওই সিরিজে চার ইনিংসের মধ্যে তিনবারই দুইশ-র নিচে অলআউট হয় বাংলাদেশ। উপমহাদেশে জনপ্রিয়তার দিক থেকে ভারতের পাশাপাশি উচ্চারিত হয় বাংলাদেশের নাম। যদিও মাঠের পারফরম্যান্সের মান-গুণ বিচারে ভারতের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের তুলনা করতে যাওয়াটা এক কথায় হাস্যকর।

ভারতের অবস্থান যদি হয় আকাশে তবে বাংলাদেশ মাটিতেও নয়। বলা যায় মাটি ফুঁড়ে দিনে দিনে পাতালে প্রবেশ করছে। অস্ট্রেলিয়ার মাটিতে টানা দুইটি টেস্ট সিরিজেই জিতেছে ভারত। সবে শেষ হওয়া টেস্ট সিরিজে ভারত যে অভাবনীয় কীর্তি গড়েছে তা যুগ যুগ ধরে হয়ে থাকবে দৃষ্টান্ত। অ্যাডিলেইডে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয় ভারত। পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে আসেন দলটির নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। দলে হানা দেয় ইনজুরির ছোবল।

নিয়মিত ৮/৯ সদস্যকে ছাড়াই মাঠে নামতে হয় তাদের। একটা পর্যায়ে একাদশ তৈরি করতে গিয়েই হিমশিম খেতে হয় সফরকারীদের। এর সঙ্গে যুক্ত হয় নানাবিধ অসহযোগিতা। হোটেলের খাবার থেকে শুরু করে মাঠে নানাবিধ স্লেজিং, বর্ণবাদী মন্তব্য। কোন কিছুই দমাতে পারেনি ভারতীয় তরুণ ব্রিগেডকে।

ক্রিকেটে মনে করা হয়, পেশাদারিত্বের শেষ কথা অস্ট্রেলিয়া। আর ঘরের মাটিতে অস্ট্রেলিয়া, কতটা বিপজ্জনক সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবারে দুইদেশের মধ্যে সিরিজ নির্ধারণী ম্যাচের ভেনু ছিল ব্রিসবেনের গাব্বা। এর আগ পর্যন্ত টেস্টে ৩৩ বছর ধরে এ ভেনুতে অজেয় ছিল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের সেই গর্ব কেড়ে নিল ভারতের তরুণ ব্রিগেড। এ মাঠে চতুর্থ ইনিংসে তিনশ রান তাড়া করে জয়ের কোনও নজিরই ছিল না। সেখানে ৩২৮ রান তাড়া করে টেস্ট তথা সিরিজই নিজেদের করে নিল ভারত।

এই অসম্ভবকে ভারত কিভাবে সম্ভব করল এনিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ক্রিকেট এক্সপার্টরা। আলোচানায় বিভিন্ন বিষয় উঠে আসলেও একটা জায়গায় সবাই একমত। শক্তিশালী ঘরোয়া ক্রিকেট কাঠামোর ফসল ঘরে তুলছে ভারত। ক্রিকেটের অবকাঠামোর দিক থেকে অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলেছে ভারত, এই মত সবার। অস্ট্রেলিয়ান গ্রেট গ্রেগ চ্যাপেলের ভাষায়, "ভারতীয় তরুণদের তুলনায় অস্ট্রেলিয়ান তরুণরা প্রাইমারির ছাত্র।"

শুধু ঘরের মাঠে ঘূর্ণিসর্বস্ব উইকেট তৈরির ফর্মুলা থেকে অনেক আগেই বেরিযে এসেছে ভারত। অ্যাওয়ে চ্যালেঞ্জ নেওয়ার জন্য ফাস্ট বোলার তৈরির এখন কারখানা ভারত। প্রতিটি রাজ্যেই শক্তিশালী ক্রিকেট কাঠামো দাঁড় করানো হয়েছে। খুব কম বয়স থকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে তারা। সঙ্গে আছে আর্থিক নিরাপত্তা। শুধু রঞ্জি ট্রফিতে খেলেই একজন ক্রিকেটার স্বচ্ছন্দে স্বচ্ছলতা নিয়ে জীবন কাটাতে পারে।

এবার তাকানো যাক আমাদের ঘরোয়া ক্রিকেট কাঠামোর দিকে। নাম -কা -ওযাস্তে ফাস্ট ক্লাস ক্রিকেট। ফাস্ট বোলার তৈরির জন্য কোন পদক্ষেপই নেওয়া হয়নি। জাতীয় দলে জায়গা না পেলে, ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার কোন সুযোগই নাই।

আমাদের ক্রিকেট কাঠামোর দুর্দশা অনুধাবনের জন্য বেশিদূর যাওয়ার প্রয়োজন নাই। বিপিএলের দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের মূলমন্ত্র- ফাস্ট বোলার, লেগ স্পিনার আর হার্ডহিটিং ব্যাটসম্যান। এরই মধ্যে বিপিএলের পাঁচ-পাঁচটি আসর হয়ে গেছে। কিন্তু আমরা ভাল মানের ফাস্ট বোলার তৈরি করতে পারিনি, মানসম্মত তো দূরের ব্যাপার গড়পড়তা মানের লেগস্পিনারও বের করতে পারিনি, হার্ডহিটিং ব্যাটসম্যানও তথৈবচ। তাহলে আমরা কেন বিপিএল আয়োজন করি?

বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে এমনি অসংখ্যা প্রশ্নের উত্তর মিলবে না। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সাংগঠনিক সক্ষমতা সর্বোপরি কূটনৈতিক দক্ষতা। এ কূটনৈতিক দক্ষতার জোরে আমরা পেয়ে গেছি করোনাভাইরাসের ভ্যাকসিনও। 'সেইভ ক্রিকেট' ভ্যাকসিন এখন বাংলাদেশ ক্রিকেটের জন্য সময়ের দাবি। এমন একটা ভ্যাকসিন কূটনৈতিক সক্ষমতার জোরে নিশ্চয়ই পাওয়া যাবে, বোধকরি তারই অপেক্ষায় আমাদের ক্রিকেট কর্তাব্যক্তিরা।