১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ভোট দেয়নি’, মুসলিমদের জন্য কাজ না করার ঘোষণা বিজেপির বিধায়ক রিতেশের

মুসলিমদের জন্য আগামী পাঁচ বছর কোনো সনদও দেবেন না তিনি।

‘ভোট দেয়নি’, মুসলিমদের জন্য কাজ না করার ঘোষণা বিজেপির বিধায়ক রিতেশের
রিতেশ তিওয়ারি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 12:45 AM

Updated : 26 Aug 2026, 03:36 PM

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুসলিমরা ভোট দেয়নি দাবি করে তাদের জন্য আগামী পাঁচ বছর কোনো কাজ না করার ঘোষণা দিয়েছেন সদ্য রাজ্যের ক্ষমতায় আসা দল বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার এক বক্তব্যের ভিডিওর বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস বুধবার এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একটি ভিডিওতে কলকাতার কাশীপুর-বেলগাছিয়া আসন থেকে নির্বাচিত বিধায়ক রিতেশকে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলতে দেখা যায়। 

এতে তিনি বলেন, “এই এলাকায় গত নির্বাচনে গত ৭৪ বছরের মধ্যে আমিই একমাত্র প্রার্থী যে মুসলিমদের একটা ভোটও পাইনি। যারা আমাকে ভোট দিয়েছে তারা ঠিক আছে, তাদের প্রতি আমার দায়বদ্ধতাও আছে। আর যারা আমাকে ভোট দেয়নি, তাদের কাছে আমি কিছু চাইনি।  

“আমি বাবা ভোলেনাথকে সাক্ষী রেখে বলছি, আগামী পাঁচ বছরে মুসলিমদের জন্য কোনও কাজ করব না। তাদের জন্য কোনও সনদও দেব না। আমার জীবন এগিয়ে চলেছে অন্যদের দেওয়া একটি সনদের ওপর ভিত্তি করে। অন্যরা কী ভাবছে বা বলছে, তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে সম্প্রতি নিজের আসনে এক সমাবেশে রিতেশ তিওয়ারি এসব কথা বলেন। এ বিষয়ে জানতে চাইলে এ বক্তব্য তারই বলে তুলে ধরেন তিনি। তিনি যা বলেছেন তার পক্ষে থাকার কথাও বলেন।

কাশীপুর-বেলগাছিয়া আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষকে দেড় হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন রিতেশ তিওয়ারি।