Published : 12 May 2026, 04:34 PM
বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জেতা বিজেপি আসামে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মাকেই বেছে নিয়েছে।
গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে গভর্নর লক্ষণপ্রসাদ আচার্য ৫৭ বছর বয়সী হিমন্তকে শপথ পড়ান।
গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজেপি আসাম বিধানসভার ১২৬ আসনের মধ্যে ৮২টিই জিতে নিয়েছে, তাদের মিত্ররা জিতেছে আরও ২০টি আসন।
বিবিসি লিখেছে, হিমন্ত বিশ্ব শর্মাকে ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলোতে বিজেপির উত্থানের অন্যতম কারিগর মনে হয়। অথচ একসময় এ রাজ্যগুলো ছিল কংগ্রেস ও ছোট ছোট আঞ্চলিক দলের ঘাঁটি।
দশককাল আগেও আসামে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ১২ শতাংশের কম। ২০১৬ সালে প্রথমবার তারা রাজ্যটিতে ক্ষমতায় আসে। এরপর থেকেই আধিপত্য ধরে রেখেছে তারা। বাংলাদেশলাগোয়া রাজ্যটিতে এবার তাদের প্রাপ্ত ভোটের পরিমাণ পৌঁছেছে ৩৮ শতাংশে।
প্রথমবার ক্ষমতায় আসার পর বিজেপি সর্বানন্দ সোনোয়ালকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল, এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী। ২০২১ সালে মুখ্যমন্ত্রী করা হয় হিমন্তকে, এরপর থেকে তার নেতৃত্বেই সেখানে বিজেপিরাজ কায়েম হয়েছে।
মঙ্গলবার গুয়াহাটিতে তার শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি ও তাদের নেতৃত্বাধীন জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-ও। শপথ অনুষ্ঠানের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীসহ দলটির নেতারা কামাখ্যা মন্দির যান বলে জানিয়েছে আনন্দবাজার।
২০১৫ সালে বিজেপি-তে যোগ দেওয়ার আগ পর্যন্ত হিমন্ত কংগ্রেসের মধ্যম সারির নেতা ছিলেন। তিনি তরুণ গগইয়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তরুণ গগইয়ের ছেলে গৌরব এখন আসামের মূল বিরোধীদলীয় নেতা, যদিও তিনি সাম্প্রতিক নির্বাচনে জোড়হাট আসনে লড়ে পরাজিত হয়েছেন।
মঙ্গলবার হিমন্তের পাশাপাশি আরও ৫ বিধায়ক নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মধ্যে দুজন বিজেপির, দুজন শরিক দলের।