Published : 28 Apr 2026, 02:01 AM
ঠিক ১৬ বছর বন্ধ থাকার পর সম্প্রচারে ফিরেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টেশন— চ্যানেল ওয়ান।
সোমবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে পুনরায় বাণিজ্যিক সম্প্রচারে ফেরে প্রতিষ্ঠানটি।
চ্যানেল ওয়ানের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন এ যাত্রায় ভালো লাগা তো অবশ্যই এবং সেই ভালো লাগার মাত্রা কী রকম, এটা বোঝানো যাবে না।
“কারণ, যে চ্যানেলটা আমরা সবাই মিলে গড়ে তুলেছিলাম, যে চ্যানেলটা দর্শকপ্রিয়তা অর্জন করেছিল এবং বাংলাদেশের টেলিভিশনের জগতে খুব আলোচিত এবং মানে সমাদৃত একটা টিভি চ্যানেল ছিল, সেই চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়া এবং ১৬ বছর চেষ্টার পর সেটাকে আবার চালু করা অনেক বড় একটা আনন্দের ব্যাপার।”
নিজেদের দীর্ঘ লড়াইয়ের কথা তুলে ধরে তিনি বলেন, “এটা ছিল আইনি লড়াই, রাজনৈতিক লড়াই না, বাট রাজনীতির বিরুদ্ধে। আমাদের দেশে যে প্রচলিত রাজনীতি, যে রাজনীতির বলি অনেকেই হয়, চ্যানেল ওয়ানও হয়েছিল, তার বিরুদ্ধে এক ধরনের লড়াই। সেটা আবার নতুন করে গড়ে তুলে আবারও চালু করতে পারাটা অনেক বড় একটা অর্জন।”
নতুন যাত্রায় অনেক চ্যালেঞ্জও রয়েছে মন্তব্য করে চ্যানেলটির প্রধান সম্পাদক বলেন, “আগেরবারের চেয়ে যেহেতু এবারের অনেক ভিন্নতা আছে— আগে আমরা ছিলাম একটা মিশ্র ঘরানার চ্যানেল, এবার সংবাদ চ্যানেল ২৪ ঘণ্টার। প্রযুক্তির দিক থেকে, কন্টেন্ট বা আধেয়’র দিক থেকে এবং স্বাধীন সাংবাদিকতার দিক থেকে অনেক বেশি চ্যালেঞ্জ মাথায় নিয়ে আমরা শুরু করেছি। আশা করছি এসব কিছু মোকাবেলা করতে পারব।”
চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই বলে গত ২৪ ফেব্রুয়ারি রায় দেয় আদালত। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়। এরপর সম্প্রচারে ফেরার বাধা কাটে চ্যানেলটির।
সম্প্রচারে ফেরা উপলক্ষে সোমবার রাতে গুলশানে অনুষ্ঠান আয়োজন করে স্টেশন কর্তৃপক্ষ। এসময় স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
২০১০ সালের ২৭ এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফ্রিকোয়েন্সি বরাদ্দ স্থগিত করলে চ্যানেল কর্তৃপক্ষ হাইকোর্টে আবেদন করে, তবে তা খারিজ হয়ে যায়।
চ্যানেল ওয়ান বন্ধের কারণ ব্যাখ্যা করে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছিলেন, “টিভি চ্যানেলের যন্ত্রপাতি এবং লাইসেন্স হস্তান্তরযোগ্য নয়। কিন্তু চ্যানেল ওয়ান কর্তৃপক্ষের আমদানি করা সম্প্রচার যন্ত্রগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি হয়েছে।”
সেসময় অন্য প্রতিষ্ঠানের নামে আমদনি করা যন্ত্র দিয়ে চ্যানেল ওয়ান চলছিল মন্তব্য করে রাজু বলেছিলেন, “এ অবস্থায় সরকার এ প্রতিষ্ঠানটিকে চলতে দিতে পারে না। তারা যে অপরাধ করেছে, তার শাস্তি হচ্ছে চ্যানেলটি বন্ধ করে দেওয়া।”
এরপর সম্প্রচার বন্ধ করা নিয়ে বিটিআরসির তৎকালীন পরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্স) এসএম শহীদুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, “তরঙ্গ বরাদ্দের শর্ত ভঙ্গ করেছে চ্যানেলটি। কয়েকবার নোটিস পাঠানো হলেও তারা যথাযথ উত্তর দিতে পারেনি। তাই টেলিযোগাযোগ আইন অনুযায়ী চ্যানেলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।”
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৬ সালের ২৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল ওয়ান। ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন এটি প্রতিষ্ঠা করেন।
পুরনো খবর-