০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তথ্য কমিশন গঠনে দক্ষতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান তথ্য অধিকার ফোরামের

এ বিষয়ে বাছাই কমিটির সভাপতি ও সদস্যদের চিঠি দিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 04:46 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগে দলীয় রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবের ঊর্ধ্বে থেকে দক্ষতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগের সুপারিশ করার লক্ষ্যে সম্প্রতি পুনর্গঠিত পাঁচ সদস্যের বাছাই কমিটির সভাপতি এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব ও কমিটির অন্য সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে তারা এ আহ্বান জানিয়েছে।

সংগঠনটি বলেছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ১৪(১) অনুযায়ী গঠিত বাছাই কমিটি সম্প্রতি প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়েছে। 

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ফোরাম বলেছে, এর মাধ্যমে একটি ‘স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠনের দীর্ঘদিনের প্রত্যাশা’ পূরণের সুযোগ সৃষ্টি হয়েছে।

চিঠিতে তথ্য অধিকার ফোরাম বলেছে, “তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন নির্ভর করে একটি দক্ষ, নিরপেক্ষ ও গণমুখী তথ্য কমিশনের ওপর। তাই নিয়োগের ক্ষেত্রে শুধু আইনে নির্ধারিত যোগ্যতা নয়, দায়িত্ব পালনের সক্ষমতা, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং সব ধরনের প্রভাবমুক্ত থেকে কাজ করার সক্ষমতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।” 

এর মাধ্যমে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অবাধ তথ্যপ্রবাহ ও জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে বলে মনে করে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অধিকার আইন নাগরিকের বাক ও চিন্তার স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, দুর্নীতি হ্রাস এবং অন্যান্য মৌলিক অধিকার সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ আইন। তবে অতীতে ‘দলীয় রাজনৈতিক বিবেচনা ও আমলাতান্ত্রিক প্রভাবের কারণে’ তথ্য কমিশন প্রত্যাশিত কার্যকারিতা অর্জন করতে পারেনি।

বর্তমান বাছাই কমিটি দায়িত্বশীল ও নিরপেক্ষ সিদ্ধান্তের মাধ্যমে একটি কার্যকর তথ্য কমিশন গঠনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।